জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে প্রতিপক্ষের হামলায় মহিলা ও বৃদ্ধসহ ৬ জন আহত হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার রাত ৯ টায় উপজেলার সদর ইউনিয়নের কালীপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় মহিলা ও বৃদ্ধাসহ ৬ জন আহত হয়েছেন। আহতরা হলেন কালীপুর গ্রামের বসির উদ্দিন (৬০), সাফায়েত হোসেন (১৮), আকলিমা বেগম (৩৫), লুৎফুন নেছা (৫৫), মফিজ আলী (৪৫), লায়েছ মিয়া (৪০)। আহতরা জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত মোহাব্বত হোসেন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোতালিব গং পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে আমার বসত বাড়িতে প্রবেশ করে হামলা চালায়। আমাদের চিৎকারে আশ-পাশের লোকজন ঘটনাস্থলে এসে আমাদের প্রাণ রক্ষা করেন। হামলার ঘটনায় মোহাব্বত হোসেন বাদী হয়ে জামালগঞ্জ থানায় নয় জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসেম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।