স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বন্যার্ত ১১৫টি পরিবারকে বুধবার প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ত্রাণ দেওয়া হয়েছে। বন্ধুসভার সদস্যরা এই ত্রাণ বিতরণ করেছেন। জেনারেল ফার্সাসিউটিক্যাল লিমিটেডের অর্থায়নে বন্যার্তদের এই ত্রাণ সহায়তা দেওয়া হয়।
প্রথম আলোর বন্ধুসভার সদস্যরা দুপুরে উপজেলার বেহেলি ইউনিয়নের হালির হাওরপাড়ের প্রত্যন্ত গ্রাম আহসানপুরের বন্যার্তদের হাতে এই ত্রাণ তুলে দেন। প্রতিটি পরিবারকে ছয় কেজি চাল, এক লিটার তেল, এক কেজি ডাল, এক কেজি লবন ও চারটি করে খাবার স্যালাইন দেওয়া হয়েছে।
ত্রাণ পেয়ে আসমা বেগম (৫২) বলেন, ‘তিনদিন ধইরা ঘরও পানি। খেউ আইয়া দেখছে না। তোমরা এই বিপদের মাঝে খানি লইয়া আইছ। খুব খুশি অইছি।’ আনোয়ার মিয়া (৬০) বলেন,‘বাবারে ইবার হাওরের ফসল গেছে। ঘরে ঘরে অভাব লাগছে। এই অভাবের সময় যে তোমরা আমরার লাগি কষ্ট কইরা খাবার নিয়া আইছ, আমরার খুব উপকার অইব।’
গতকাল ত্রাণ বিতরণকালে প্রথম আলোর সুনামগঞ্জ বন্ধুসভার সভাপতি মো. রাজু আহমেদ, সহসভাপতি রনজিৎ কুমার দে ও প্রদীপ পাল, জেনারেল ফার্মাসিউটিক্যালের সুনামগঞ্জের এরিয়া ম্যানেজার মো. জিয়াউর রহমান তালুকদার, কৃষক মো. আবদুল কাইউম, বন্ধুসভার সদস্য শাহজাহান আলম সিদ্দিকী, মো. শাহিদুর রহমান, আসাদুজ্জামান প্রিয়ম, সাহাব উদ্দিন, জাকিরুল হক মান্না, মোতাহার হোসেন সানি, সোহাগ সরকার, জাকের আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ বন্ধুসভার সভাপতি মো. রাজু আহমেদ জানান, এর আগে জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দিরাই, শাল্লা ও ধরমপাশা উপজেলার ৫১৫টি বন্যার্ত পরিবারকে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ত্রাণ সহায়তা দেওয়া হয়।