- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে ফের করোনা শনাক্ত এক শিশু

জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে ফের মোস্তাকিম মিয়া নামের ৯ বছরের শিশুর দেহে করোনা ধরা পড়েছে। তার বাড়ি বেহেলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হরিনগর গ্রামে। সে ফয়জুন্নুর মিয়ার ছেলে। গত ১৪ এপ্রিল ২ কিশোরী করোনা জয় করে বাড়ি ফেরার পাঁচ দিনের মাথায় এই শিশুর দেহে করোনা শনাক্তের বিষয়টি এলাকায় ফের আতঙ্ক সৃষ্টি করেছে। শিশু মোস্তাকিম পরিবারের সাথে ঢাকা থেকে বাড়িতে ফিরেছে বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, আক্রান্ত শিশুটি প্রায় তিন সপ্তাহ আগে ঢাকার নারায়ণগঞ্জ থেকে বাড়িতে ফিরে। তার পুরো পরিবারাই পোশাক কারখানায় কর্মরত ছিল। দেশে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়লে শিশু মোস্তাকিমের পরিবারসহ একই গ্রামের আরও অনেকে বাড়ি চলে আসে। তাদের বাড়ি আসার খবর প্রতিবেশী কেউ ইউনিয়ন পরিষদকে অবহিত করেন। তারই প্রেক্ষিতে আক্রান্ত পরিবারের সকল সদস্যসহ ঢাকা ফেরৎ অনেকের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এর মধ্যে একজনই করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
এ ব্যাপারে খোঁজ নিতে স্থানীয় ইউপি সদস্য জালাল উদ্দিনের সাথে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোনটি না ধরে বরং মোবাইলটি বন্ধ করে দেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. মঈন উদ্দিন আলমগীর বলেন, ‘করোনা শনাক্ত শিশুটির বয়স ৯ বছর। এ কারণে তাকে হোম আইসুলেশনে রাখা হয়েছে। এরই মধ্যে আক্রান্তের বাড়িসহ আশপাশের সব বাড়ি লকডাউন করা হয়েছে। তার করোনা সারাতে আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল স্বাস্থ্য সেবা প্রদান করা হবে।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব জানিয়েছেন, ‘যে আক্রান্ত হয়েছে সে শিশু। আমাদের চেষ্টা ছিল হাসপাতালের আইসুলেশনে নিয়ে আসার জন্য। কিন্তু পরিবার রাজি হচ্ছে না বিধায় আপাতত তাকে বাসায় রাখা হয়েছে। এ মুহূর্তে বাড়িটি লকডাউন করা হয়েছে। বর্তমানে শিশুটি হোম আইসুলেশনে আছে।’

  • [১]