- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে বার বার সরকারি চাল জব্দ-মূল অপরাধি ধরা ছোঁয়ার বাইরে

আকবর হোসেন, জামালগঞ্জ
জামালগঞ্জে একাধিকবার সরকারী চাল পাচার কালে জব্দ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে পাচারকারী সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় মামলা রুজু হলেও নেপথ্যে যারা এসব কাজ করছে তারা অদৃশ্যই থেকে যাচ্ছে। একটি সিন্ডিকেট সরকারি ভিজিডি, ভিজিএফ, রিলিফ, টিআর, কাবিখার বরাদ্দের চাল সরকারি খাদ্যে গোমামে কেনা  বেচা করে বলে জানা গেছে। চক্রটি সুযোগ বুঝে খাদ্য গোদাম থেকে সরকারি চালগুলো পাচার করে।
অভিযোগ উঠেছে সরকারী খাদ্য গোদামের কর্মকতার সাথে আঁতাত করে এই কাজগুলো করছে চক্র। এই দাবী এলাকার সুশীল সমাজের । তারা জোরালো দাবী জানিয়েছেন প্রশাসন যাতে আন্তরিকভাবে জড়িতের খোঁজে বের করে শাস্তি প্রদানের ব্যবস্থা করেন।
জামালগঞ্জের ওসিএলএসডি সেলিম হায়দার জানিয়েছেন সরকারী কোয়ার্টার থেকে উদ্ধার হওয়া চালের বিষয়টি তিনি জানেন না আর সাচনাবাজার থেকে আটককৃত চালগুলো খাদ্য গোদামের নয় দাবী করেন তিনি। অবশ্য উপজেলা নির্বাহী অফিসারও পাচারের সাথে জড়িত সকলকে আইনের আওতায় নিয়ে আসবেন বলে জানিয়েছেন।
জানা যায়, গত ১৬ই জুলাই শনিবার দুপুরে উপজেলা সদরের কলেজ রোডের বিআরডিবির পল্লী জীবিকায়ন প্রকল্প (পজিপ) কর্মকর্তা আব্দুস সালামের সরকারি কোয়ার্টার ‘রাইঙ্গা’ ভবনের ২য় তলার কক্ষ থেকে সরকারি ২০ বস্তা রিলিফের চাল উদ্ধার করা হয়েছে। ওই বস্তাগুলোর গায়ে সরকারি খাদ্য অধিপ্তরের সিল ছিলো, যাতে লেখা ছিলো- ‘বিক্রয়ের জন্য নহে’।  সরকারি চাল কিভাবে তার কক্ষে এলো জানতে চাইলে নিজে খাওয়ার জন্য কিনে রেখেছেন বলে জানিয়েছিলেন তিনি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণিক চালগুলি জব্দ করেন, জামালগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়। বর্তমানে মামলা তদন্তাধীন আছে। বিআরডিবি কর্মকর্তা আব্দুস সালাম বর্তমানে পলাতক রয়েছেন।  
উপজেলা সদরের সরকারি কর্মকর্তার সরকারি কোয়ার্টার থেকে উদ্ধার হওয়া চালগুলির কোন সুরাহা হতে না হতেই আবারো জামালগঞ্জে সরকারি  খাদ্য অধিদপ্তরের সিল মোহরকৃত ১৪৪ বস্তা চালসহ ১ ব্যক্তিকে আটক করলো পুলিশ। রবিবার বিকেলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সাচনা খাদ্য গোদাম থেকে পাচার হয়ে সুনামগঞ্জ যাবার পথে সাচনা বাজার সিএন্ডবি রোডে ট্রাকে চাল ভর্তি করার সময় আশে পাশের লোকজন পুলিশকে খবর দেয়। জামালগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ১৪৪ বস্তা সরকারি (সিল মোহরকৃত) চাল আটক করে জামালগঞ্জ থানায় নিয়ে আসেন। আটককৃত ব্যক্তি সদর ইউনিয়নের লম্বাবাক গ্রামের  মৃত নূর আলীর ছেলে বাদশা মিয়া (৪০)। এই ঘটনায় রাতেই জামালগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করেছে থানা পুলিশ।  
এ বিষয়ে সাচনা খাদ্য গোদামের ওসি এলএসডি সেলিম হায়দার আটককৃত চালের সাথে খাদ্য গোদামের কোন সম্পৃক্ততা নেই জানিয়ে বলেন,‘ সরকারী কোয়ার্টার থেকে রিলিফের চাল আটকের ব্যাপারে আমার জানা নেই। সাচনা থেকে ১৪৪ বস্তা চাল আটকের সাথে খাদ্য গোদামের কোন সর্ম্পক নেই। তাছাড়া সাচনা খাদ্য গোদামে কোন আতব চাল বিলি নেই, তাছাড়া এখন কোন বরাদ্দও নেই।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন,‘সরকারি কোয়াটার থেকে আটককৃত ২০ বস্তা চালের মামলাটি তদন্তাধীন আছে। সাচনাবাজার থেকে ১৪৪ বস্তা জব্দকৃত চালের মালিক বাদশা মিয়াকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসা বলেন,‘জামালগঞ্জে সরকারী কোয়ার্টার থেকে আটককৃত চাল সহ সাচনা থেকে আটককৃত ১৪৪ বস্তা চালের মামলাগুলো তদন্তাধীন আছে। পাচারের সাথে জড়িত সকলকেই আইনের আওতায় নিয়ে আসা হবে। এই ঘটনার যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে।’

  • [১]