আকবর হোসেন, জামালগঞ্জ
জামালগঞ্জে বেসরকারী উন্নয়ন সংস্থা ‘জৈন্তা ছিন্নমুল সংস্থা’ জেসিস বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ নিয়ে কাজ করার নির্দেশনা থাকলেও বাল্যবিবাহ রোধে সচেতনতা বৃদ্ধির প্রচারণা করেনি এই সংস্থা। বাস্তবায়নের অর্থও গায়েব হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জেছিসের বাল্যবিবাহ প্রতিরোধ কার্যক্রম নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বাল্যবিবাহ কাজ করার নির্দেশনা থাকলেও তারা শুধু কাগজে কলমে খাতাপত্র ঠিক রেখে চলেছেন।
গত মাসে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজ উদ্যোগে ২৭টি বাল্যবিবাহ রোধ করলেও জেসিস এই বাল্য বিবাহগুলোর ব্যাপারে কোন ধরনের পদক্ষেপ নেননি। অথচ ৫০টি গ্রামে ২জন করে মোট ১০০ জন ভলানটিয়ার ও ১৭ জন ফিল্ড ফ্যাসিলিটিটের ও ৬ জন অফিস স্টাফ কাজ করছে বরে দাবি করেছে সংস্থা। কেন্ডেডা ফাউন্ডেশন ইউএসএ অর্থায়নে কেয়ার এর সহযোগিতায় অফিস স্টাফদের বেতন ব্যাতিত চলতি অর্থ বছরে বিভিন্ন খাতে ১৫ লক্ষ বরাদ্দ দেওয়া হয়েছে। এমনকি কিশোরীদের নিয়ে কাজ করতে গিয়ে অনেক গ্রামেই কিশোরী ইভটিজিং সহ নানা ধরনের কুরুচি কাজের
অভিযোগও উঠেছে সংস্থাটির বিরুদ্ধে। অবশ্য জেসিসের পক্ষ থেকে কিশোরীদের সাথে অসৌজন্য মুলক আচরনের বিষয়টি অস্বীকার করলেও তারা তাদের কার্যক্রম সমন্ধে সদুত্তর দিতে পারেননি। জেসিস অফিস সূত্রে জানা যায়, ২০১৪ সাল থেকে জামালগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নের ৫০টি গ্রামে কাগজে কলমে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন।
জেসিসের উপজেলা প্রজেক্ট ম্যানেজার রোকন উদ্দিন আহমদ বলেন, কোন কিশোর কিশোরীর সাথে কোন ধরণের অসৌজন্যমুলক আচরণ ও শ্লীলতাহানী করা হচ্ছে না। বাল্যবিবাহ রোধের ক্ষেত্রে আমরা কোন পদক্ষেপ নিতে পারিনি।
উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান ও স্থায়ী কমিটির সভাপতি হাফিজা আক্তার দিপু বলেন, ‘বাল্যবিবাহ রোধে আমরা জেসিস কে পাওয়া যায় না।’
উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসা বলেন, ‘বেসরকারী সংস্থা জেসিসের সচেতনতা ও প্রচার প্রচারণা করতে উপজেলা পরিষদ বা প্রশাসনকে কোন সহযোগিতা করা হয়নি। বরাদ্দের বিষয়ে আমার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।’