জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে বাল্য বিবাহ প্রতিরোধে নয়, বাল্যবিবাহের কুফল ও নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষে উপজেলায় কাজ করে যাচ্ছে জেছিস। কেয়ার বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় জৈন্তিয়া ছিন্নমূল সংস্থা (জেছিস) টিপিং পয়েন্ট প্রজেক্ট ৫০ টি গ্রামে কাজ করছেন ২০১৪ সাল থেকে।
জেছিস সূত্রে জানা যায়, কিশোর-কিশোরীদের উন্নয়ন ও মানসিক বিকাশে ‘ফান সেন্টার’, নারী নির্যাতন প্রতিরোধে ‘ইভাও ফোরাম’ এবং কমিউনিটি মবিলাইজেশনে ‘ফোরাম থিয়েটার’ গঠন ও কার্যক্রম বাস্তবায়নে মুলত জেছিস বাল্য বিবাহের ক্ষতিকর দিক সমুহ চিহ্নিত করে ও দেরিতে বিয়ের সূফল পর্যালোচনার মাধ্যমে সামাজিক আন্দোলন তৈরিতে জন অংশগ্রহণ বৃদ্ধি করছে।
ইভটিজিং,নারী নির্যাতন,যৌতুক,তালাক,বহু বিবাহ ও বাল্য বিবাহের কুফল কত ভয়াবহ রূপ নিতে পারে তা অত্যন্ত সুন্দর ভাবে বিভিন্ন কর্মসূচী যেমন ফান সেন্টার সেশন, ইভাও ফোরাম সভা, মা-দলের নিয়মিত মিটিং এবং ফোরাম থিয়েটার শো-এর মাধ্যমে তুলে ধরে সাধারণ মানুষকে সচেতন করা হয়। হাওর অঞ্চলের তৃণমূল পর্যায়ে কিশোর কিশোরী, তাদের বাবা-মা ও অন্যান্য অভিভাবক সহ সকল স্তরের জনগণকে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন করে তোলা হচ্ছে।
জেছিসের নির্বাহী পরিচালক এটিএম বদরুল ইসলাম বলেন,‘বাল্য বিবাহ বিষয়ে আমরা জনসচেতনায় কাজ করছি। ২০১৪ সাল থেকে কেয়ার বাংলাদেশের সহযোগিতায় টিপিং পয়েন্টের মাধ্যমে জামালগঞ্জ উপজেলায় কাজ করছি।’