- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা ছেলের করুণ মৃত্যু, আহত মেয়ে

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে বিদ্যুতের তারে পড়ে মা ও ছেলের করুণ মৃত্যু হয়েছে। আহত হয়েছে মেয়ে পূজা সরকার (৭)। রোববার দুপুরে জামালগঞ্জ সদর ইউনিয়নের তেলিয়া নতুনপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত ঝুমা দাস (৩৫) ও দ্বীপ সরকার (২) এনজিও কর্মী দেবজ্যোতি সরকারের স্ত্রী ও পুত্র। বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত পূজা সরকারকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ঝুমা দাসের স্বামীর বাড়ি দিরাইয়ে। স্বামী দেবজ্যোতি সরকার শাল্লা উপজেলায় ব্র্যাকে চাকরি করেন। নিহত ঝুমা দাস জামালগঞ্জের মন্দিরভিত্তিক শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা। দুই সন্তান নিয়ে জামালগঞ্জের তেলিয়া নতুনপাড়ায় পিতা গৌরাঙ্গ সরকারের বাড়িতে থাকতেন তিনি। ঘটনার দিন বিদ্যুৎ না থাকায় ঝুমা দাস ছেলেমেয়েকে নিয়ে পার্শ্ববর্তী টিউবওয়েলে যান স্নান (গোসল) করতে। এ সময় বিদ্যুৎ চলে আসলে মাথার উপরে থাকা বৈদ্যুতিক তার তাদের উপর পতিত হয়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাৎক্ষণিক মৃত্যুর কোলে ঢলে পড়েন মা ও ছেলে। পাশে থাকা বড় মেয়ে পূজা সরকার গুরুতর আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।
জামালগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের বলেন, বিদ্যুৎস্পৃষ্টে নিহত দুই জনের লাশের ছুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে কোন অভিযোগ দায়ের হয় নি।

  • [১]