আকবর হোসেন, জামালগঞ্জ
জামালগঞ্জে মুক্তিযোদ্ধা তালিকায় নাম অর্ন্তভুক্ত করার নাম করে টাকা হাতিয়ে নেবার অভিযোগ উঠেছে মুজিবুর রহমান চৌধুরীর বিরুদ্ধে। সুনামগঞ্জের জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগটি দায়ের করেছেন উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের শান্তিপুর গ্রামের
মৃত ফজর আলীর স্ত্রী মোছা. রহিয়া বেগম।
সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের কেন্দ্রীয় ইস্যু ও ডকেট শাখায় ১৪ ফেব্রƒয়ারী গ্রহণকৃত আবেদন থেকে জানা যায়, ‘‘ফেনারবাঁক গ্রামের মৃত মনফর আলী চৌধুরীর ছেলে মুজিবুর রহমান চৌধুরী মুক্তিযোদ্ধা তালিকায় আমার স্বামীর নাম উঠাইয়া দিবার কথা বলে ৩ বছর পূর্বে আমার স্বামীর নিকট থেকে ১০ হাজার টাকা নেয়। আমার স্বামী এই বিষয়ে বিভিন্ন সময়ে উক্ত মুজিবুর রহমান চৌধুরীকে তাগিদ দিলে তিনি তালবাহানা করিয়া সময় কর্তন করিয়াছেন। প্রায় ২ বছর পূর্বে আমার স্বামী মৃত্যু বরন করিলে আমি ও আমার পুত্র আছান এবং আমার ননদের স্বামী সাদেক আলী, গ্রামের সাবেক মেম্বার মোজাম্মেল হক সহ আমরা মুজিবুর রহমান চৌধুরীকে টাকা ফেরত দেবার জন্য তাগিদ দিলে তিনি তালিকায় নাম উঠিয়ে দেবেন বলে জানান। অন্যতায় আমার সম্পূর্ন টাকা ফেরত দিবেন। কিন্তু অত্যন্ত দু:খ ও পরিতাপের বিষয় অদ্যাবধি পর্যন্ত আমার স্বামীর নাম মুক্তিযোদ্ধা তালিকায় উঠে নাই ও আমাদের টাকাও ফেরত দেয় নাই।’’
এ বিষয়ে মো. মুজিবুর রহমান চৌধুরীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অ্যাড. আসাদ উল্লাহ সরকার বলেন, মুজিবুর রহমান চৌধুরীর বিরুদ্ধে রহিয়া বেগমের লিখিত অভিযোগের অনুলিপি পেয়েছি। এই বিষয়টি নিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের অধিকাংশ সদস্যদের সাথে আলোচনা করেছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করার জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে।