- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে মুক্তিযোদ্ধা তালিকায় নাম অন্তর্ভুক্তি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

স্টাফ রিপোর্টার
জামালগঞ্জে মুক্তিযোদ্ধা তালিকায় নাম অর্ন্তভুক্তি নিয়ে পাল্টাপাল্টি থানায় অভিযোগ করা হয়েছে।
জামালগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অ্যাড, আসাদ উল্লাহ্ সরকার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের লম্বাবাঁক গ্রামের লাইছ মিয়া’র বিরুদ্ধে স্বাক্ষর জাল করার অভিযোগ করেছেন। অন্যদিকে, একই দিনে লাইছ মিয়া মুক্তিযোদ্ধা তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে অ্যাড. আসাদ উল্লাহ্ সরকার ৭০ হাজার টাকা নিয়েছেন বলে অভিযোগ করেছেন।
লাইছ মিয়া বলেন, ‘কমান্ডার আমার কাছ  
থেকে ৭০ হাজার টাকা নিয়েছেন বলেই আমি থানায় অভিযোগ দায়ের করেছি। আমি স্বাক্ষর জাল করিনি।’
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অ্যাড. আসাদ উল্লাহ্ সরকার বলেন,‘আমার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মিথ্যা অভিযোগ করা হয়েছে। অথচ সেই আমার স্বাক্ষর জাল করে বিভিন্ন দফতরে কাগজপত্র জমা দিয়েছে। গত ১০ জুলাইয়ে আমি উপজেলা সমাজ সেবা অফিসে এই স্বাক্ষর জালিয়াতির বিষয়টি অবহিত করি। এরপর গত ১৩ জুলাইয়ে জামালগঞ্জ থানার ওসি’র কাছেও লিখিত অভিযোগ দায়ের করি। পরে থানার ওসি একজন এএসআইকে কাগজ উদ্ধারের দায়িত্ব দেন। লাইছ মিয়া বিষয়টি স্বীকারও করেছে। কাগজ ফেরৎ দেবার কথা বলেছে।’
জামালগঞ্জ থানার ওসি মো.আবুল হাসেম বলেন, ‘টাকা নেওয়া ও স্বাক্ষর স্ক্যান করার বিষয়ে উভয় পক্ষেরই লিখিত অভিযোগ পেয়েছি, অভিযোগ তদন্তাধীন আছে। বিষয়টি নিয়ে একদিন বসা হয়েছিলো, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব নিয়েছেন বিষয়টি শেষ করার।’

  • [১]