স্টাফ রিপোর্টার
জামালগঞ্জে প্রবীণদের মাঝে মুজিব শতবর্ষের লগো সম্বলিত লাল-সবুজের ছাতা বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফেনারবাঁক গ্রামে ষাটোর্ধ্ব ছয় শতাধিক মানুষের মাঝে ছাতা বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে প্রবীণদের হাতে ছাতা তোলে দেন সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাড. শামীমা শাহরিয়ার।
ছাতা বিতরণকালে সংসদ সদস্য অ্যাড. শামীমা শাহরিয়ার বলেন,‘বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবীনদের প্রতি খুবই আন্তরিক। তিনি প্রবীনদের কথা চিন্তা করে বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ আরও অনেক কাজ করছেন। তারই ধারাবাহিকতায় হাওরপাড়ের প্রবীন নারী-পুরুষের মাঝে মুজিব বর্ষের লগো সম্বলিত লাল-সবুজের ছাতা বিতরণ করা হল। কারণ হাওরের মানুষের গ্রীষ্ম-বর্ষা সারা বছরই ছাতার প্রয়োজন হয়। এই ছাতা দিয়ে রোদ-বৃষ্টি থেকে রক্ষা পাওয়া যাবে। ’
ছাতা বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল হক, ফেনারবাঁক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা খোকন, আওয়ামী লীগ নেতা আবু তাহের, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান, ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের সচিব অজিত কুমার রায়, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তারেক, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক রিয়াসত আলী, ফেনারবাঁক ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক একলিমুর রেজা মানিক, উপজেলা তাতী লীগের আহবায়ক মামুন মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক উপ ছাত্র বিষয়ক সম্পাদক শেরন মিয়া প্রমুখ।