আকবর হোসেন, জামালগঞ্জ
‘এখন আর ভোট নাই,আমরার পাওয়ার শেষ আবার ৫ বছর বাদে আবার পাওয়ার আইবো,ভোটের আগে রাইতে দিনে মেম্বর আর চিয়ারমেন আইতো,অখন আর কেই আয় না, তারা তো গাঙ পার অইয়া গেছে, ৩ দিন অয় আমরা পানিবন্দি, ঘর থাইকা বাইর অইতে পারি না,বাড়িত পানি, চিয়ারমেন তো দূরের কথা কাছে মেম্বরের বাড়ী তাইনও আইয়া আমরারে দেখলা না।’
এভাবেই মনের ভিতর লুকিয়ে থাকা কথাগুলো বলছিলেন উজান থেকে নেমে আসা ঢলের পানিতে বন্দি ১০টি পরিবারের অসহায় মায়ারানী, আরতী শীল, বাসন্তী বালা, সবিতা, ডলি রায় সহ আরো কয়েকজন পুরুষ ও মহিলা। গ্রামের স্কুল কলেজ পড়–য়া শিক্ষার্থীরা প্রতিদিন কাপড় ভিজিয়ে তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে। জামালগঞ্জে ঘটা করে ৪ ইউনিয়নের নবনির্বাচিত সদস্য আর সদস্যারা শপথ নিচ্ছেন, ঠিক সেই সময়ে উজান থেকে নেমে আসা ও পাহাড়ী ঢলে জামালগঞ্জে কয়েকটি ইউনিয়নের বেশ কিছু গ্রামের মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। ইতিমধ্যে কয়েকটি গ্রাম প্রবল ঢেউয়ের কারণে ভেঙ্গে যাচ্ছে বলে জানা গেছে। গ্রামবাসী বাশের চাটাই দিয়ে কোন রকম গ্রাম রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে বেহেলীর হরিনাকান্দি ও নিতাইপুর, ইসলামপুর লামাপাড়া, হাওরিয়া আলীপুর উত্তরপাড়া সহ বেশ কয়েকটি গ্রাম ঢেউয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরাতন জনপ্রতিনিধিরা তো কোন খবর নিচ্ছেনই না,তার সাথে নতুনরাও হাত গুটিয়ে বসে আছেন, এমনকি কোন ধরনের খবরও নিচ্ছেন না তারা। জনগণ পড়েছে চরম বেকায়দায়।
বুধবার দুপুরে বেহেলী ইউনিয়নের বাগহাটি গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামের ১০ থেকে ১৫টি পরিবার পানি বন্দি, আর ৫টি পরিবারের বসতঘর পানিতে আক্রান্ত রয়েছে। বাগহাটির কৃঞ্চ দাস, প্রফুল্ল দাস, ভানু দাস, ঝন্টু দাস, হরিবল দাস, রানু পুরকায়স্থ, সুজিত পুরকায়স্থ সহ আরো কয়েকজনের বাড়িতে বন্যার পানি উঠতে দেখা গেছে ।
বাগহাটি গ্রামের কলেজ পড়–য়া ২য় বর্ষের ছাত্রী সুপ্রভা দাস বলেন,আপনি নিজেইতো দেখলেন, আমি কোমর পানি ভেঙ্গে কলেজ থেকে বাড়ি ফিরছি। আমাদের এই রাস্তাটি এত নিচু, অথচ যারা নির্বাচন করেন তারা রাস্তাটি উঁচু করে দিবেন বলে প্রতিশ্রুতি দিলেও এই বন্যায় এখনো কোন খবর নেননি। অপরদিকে ফেনারবাঁক ইউনিয়নের একাধিক গ্রাম ্ইতিমধ্যে বন্যার পানিতে নিমজ্জিত হচ্ছে বলে খবর পাওয়া গেছে। বেহেলী ইউনিয়নের সদ্য সাবেক চেয়ারম্যান সিরাজুল হক তালুকদার বলেন, আমি বাগহাটি গ্রামের কথা শুনেছি, উপজেলা প্রশাসনকে জানাবো।
বেহেলীর নবনির্বাচিত চেয়ারম্যান অসীম তালুকদার ব্যস্ত থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা বলেন,উপজেলার যে কটি গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর খোঁজখবর নিচ্ছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে সরকারের পক্ষ থেকে ত্রাণের ব্যবস্থা করা হবে বলে আশ্বস্থ করেন তিনি।