- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে শিক্ষকের উপর হামলা- শিক্ষক-ছাত্রীদের ক্লাস বর্জন ও মানববন্ধন

স্টাফ রিপোর্টার
জামালগঞ্জে জেএসসি পরীক্ষায় নকল করার সুযোগ না দেয়ায় বখাটে পরীক্ষার্থী কর্তৃক শিক্ষককে মারধরের ঘটনায় প্রতিবাদে ও জড়িত বখাটে পরীক্ষার্থীকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবিতে ক্লাস বর্জন করে ঘণ্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করেছে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীরা।
গতকাল বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি  পালন করা হয়। এরপর বিকালে কালো ব্যাচ ধারণ করে আবারো বিক্ষোভ মিছিল বের করে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন শিক্ষক-ছাত্রীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, সহকারি প্রধান শিক্ষক সুব্রত রায়, সহকারি শিক্ষক জ্যোৎ¯েœন্দু  কুমার সরকার, হোসনে আরা বেগম, নন্দন কুমার রায়, সন্তোষ কুমার দাস, সৌমেন     শেখর রায়, সুকেশ রঞ্জন তালুকদার, নাজনীন বহ্নি, গোপিকা রঞ্জন চৌধুরী, অনিতা রানী রায়, সফিকুল ইসলাম, পুতুল কুমার ভৌমিক, অর্পা তালুকদার, উত্তম কুমার দাস, চিত্ত রঞ্জন দাস, শেখ মাসুদ, আশিক নুর, রকিব আহমদ, শিক্ষার্থী ফারিয়া পায়েল, দেবশ্রি তালুকদার প্রেমা প্রমুখ।
মানবন্ধনে বক্তারা শিক্ষক সীতেশ চন্দ্র সরকারের উপর হামলার সাথে জড়িত বখাটে পরীক্ষার্থীকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।
এদিকে মারধরের শিকার জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের রসায়ন বিষয়ের শিক্ষক আহত সীতেশ চন্দ্র সরকারকে উন্নত চিকিৎসার জন্য বুধবার সন্ধ্যায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী জানান, আহত শিক্ষক সীতেশ সরকারের ঘাড়ের নিচে ডান দিকে ও ডান হাতে দুইটি আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে বুধবার সন্ধ্যায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সন্ধ্যায় মারধরকারী পরীক্ষার্থী রিয়াদ মাহমুদ শাহ’র বিরুদ্ধে জামালগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগ করেছেন আহত শিক্ষক সীতেশ চন্দ্র সরকার।
জামালগঞ্জ থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বলেন,‘ সন্ধ্যায় থানায় মামলা দায়ের হয়েছে, পুলিশ অভিযুক্ত পরীক্ষার্থীকে আটক করার চেষ্টা করছে।’
উল্লেখ্য, পরীক্ষায় নকল করতে বাধা দেয়ার জের ধরে মঙ্গলবার বিকালে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সীতেশ কুমার সরকারকে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে মারধর করে পরীক্ষার্থী রিয়াদ মাহমুদ শাহ।
মারধরকারী পরীক্ষার্থী রিয়াদ মাহমুদ শাহ উপজেলা সদর এলাকার নয়াহালট গ্রামের বাসিন্দা বিএনপি নেতা শাহজাহান শাহ’র ছেলে। সে জামালগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এই বছর জেএসসি পরীক্ষা দিয়েছে।
তবে অভিযুক্ত পরীক্ষার্থী রিয়াজ মাহমুদ শাহ’র বাবা শাহজাহান শাহ বলেন,‘ভুল বুঝাবুঝির প্রেক্ষিতে একটা ঘটনা ঘটেছে। শিক্ষককে ব্যাট দিয়ে মারধর করেছে এটা সঠিক নয়। শিক্ষকের সাথে সে বেয়াদবী করেছে। ’  

  • [১]