- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে সরকারি ভূমির গাছ কেটে জায়গা দখল

জামালগঞ্জ প্রতিনিধি
সরকারি ভূমির গাছ কেটে জমি দখলে পাঁয়তারা করায় ইউএনও বরাবর অভিযোগ করেছেন গ্রামবাসী। গতকাল গ্রামের ৫৯ জনের স্বাক্ষরিত একটি অভিযোগপত্র দেন এলাকাবাসী। অভিযুক্ত আ. ছালাম জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের নাজিমনগর গ্রামের মৃত ওয়াফিজ আলীর ছেলে।
জানা যায়, ফেনারবাঁক ইউনিয়নের নাজিমনগর গ্রামের অদূরেই প্রায় ৫ থেকে ৬ একর ভূমির উপর একটি হিজল-করচ বাগ রয়েছে। যা দেড় যুগেরও বেশী সময় পূর্বে হাওরাঞ্চলকে পরিবেশ বিপর্যয়ের হাত থেকে উদ্বার করতে পরিবেশবাদী সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্ট্যাডিজ (সিএনআরএস) রোপন করেছিল। যেখানে সরকারি খাস ভূমি, গ্রামের এজমালিসহ মসজিদের নামে চারণভূমি রয়েছে। দীর্ঘ কয়েক বছর যাবত এই বাগ ও তার আশেপাশের ভূমিতে গ্রামের সকল গবাদিপশুর গো খাদ্যের চারণ ভূমি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সম্প্রতি রাখাল ও এলাকাবাসী খেয়াল করেন ক্রমান্বয়ে হিজল-করচ বাগটির গাছ কেটে সাবাড় করে ফেলা হচ্ছে। গ্রামবাসী খোঁজখবর নিয়ে জানতে পারেন অভিযুক্ত ব্যক্তি আঃ ছালাম নাম। গাছ কাটা প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট, আইনত দন্ডনীয় অপরাধ জানিয়ে তার গাছ কাটার উদ্দেশ্য জানতে চাইলে তিনি গ্রামবাসীকে হুমকি দেন। এছাড়া রাখালরা গরু নিয়ে সেই বাগে গেলে তাদেরকে মারপিট করেন। সবশেষ গত ১৯ ডিসেম্বর নাজিমনগর গ্রামের ছাইদুল ইসলামের পুত্র মোবাশ্বির আলী (১৪) গরু নিয়ে বাগে গেলে অভিযুক্ত আঃ ছালাম মোবাশ্বিরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। বর্তমানে এলাকাতে চাপা ক্ষোভ বিরাজ করছে।
এদিকে সরেজমিন ঘুরে দেখা যায়, বাগের বিভিন্ন জায়গা থেকে প্রায় অর্ধশতাধিক গাছ কেটে ফেলা হয়েছে। এছাড়া আঃ ছালাম বাগের ভেতর একটি ছোট ঘর নির্মাণ করেছে। এলাকাবাসী বলছে আঃ ছালাম এই ঘরটি তুলেছে। এবং এই বাগের জায়গা তার বলেও দাবি করছেন।
অভিযুক্ত আ. ছালামের ফোন নাম্বারে যোগাযোগ করলে তিনি সাংবাদিক পরিচয় শুনে মোবাইলের সংযোগটি কেটে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • [১]