- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে সহায়তার নামে প্রতারণার অভিযোগ

জামালগঞ্জ প্রতিনিধি
সহায়তার নামে জামালগঞ্জে অসহায় হতদরিদ্রদের সাথে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কামিনীপুর গ্রামের মাহবুব আলম, গাউসুল আযম ও মিয়াদ হোসেনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করেছেন জামালগঞ্জ উত্তর ইউনিয়নের কামিনীপুর গ্রামের মৃত খোয়াজ আলীর পুত্র জাকির হোসেন।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, গ্রামের মাহবুব আলম, গাউসুল আযম ও মিয়াদ হোসেন নীরিহ গরীব অসহায় লোকজনকে ন্যাশনাল ব্যাংকের ফরম দেখিয়ে নগদ ১ লক্ষ টাকা ও টিনের ঘর দেয়ার লোভ দেখিয়ে প্রত্যেকের কাছ থেকে নগদ ৩ হাজার টাকা অগ্রিম ও ছবির জন্য ১শত টাকা করে নিচ্ছেন। অভিযোগে আরো উল্লেখ করা হয়,  গ্রামবাসী ব্যাংকের ফরমটি দেখতে চাইলে তদেরকে দেখানো হয়নি।
অভিযুক্ত মাহবুব   
আলমের ফোন বন্ধ পাওয়া যায়। আরেক অভিযুক্ত গাউসুল আযম বলেন,‘ আমরা কারো কাছ থেকে কোন টাকা নেইনি। একজন বড় ভাই বলার পর আমরা দরিদ্রদের তালিকা তৈরি ও ছবি তুলতে গিয়েছিলাম। ইউএনও সাহেব না করার পর আমরা আর কোন কাজ করছি না।
জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রজব আলী বলেন,‘ বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলাপ করেছি। তারা যেন এ ব্যাপারে কোন কাজ না করে তা জানিয়ে দিয়েছি।’
ন্যাশনাল ব্যাংকের সিলেট বিভাগীয় প্রধান লুৎফুর রহমান বলেন,‘ আমাদের ব্যাংকের এ ধরনের কোন কার্যক্রম নেই। আমরা কাউকে কোন ফরমও দেইনি। কেউ ব্যাংকের নাম ব্যবহার করে থাকলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জামালগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান বলেন,‘লিখিত অভিযোগ পেয়েছি। এবিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে অভিযুক্তদের এসব কার্যকলাপ না করার জন্য বলা হয়েছে। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

  • [১]