জামালগঞ্জ সংবাদদাতা
জামালগঞ্জ উপজেলায় ৭৬ জন বীর মুক্তিযোদ্ধারা ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড পেয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে কার্ড বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত জানান, বীর মুক্তিযোদ্ধাদের মাঝে যাঁরা জীবিত আছেন তারা সার্টিফিকেট এবং আইডি কার্ড পেয়েছেন। তবে ৯০ জন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সকল উত্তরাধিকারীগণকে ডিজিটাল সার্টিফিকেট দেওয়া হবে।
তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের রাষ্ট্র নির্ধারিত সব ধরনের সুযোগ—সুবিধা ডিজিটাল পরিচয়পত্র ও সনদের আওতা নিশ্চিত করা হয়েছে। তাঁদের ভাতা প্রদান, সরকারি যানবাহনে বিনা ভাড়ায় যাতায়াত, সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা প্রাপ্তি, সরকারি—বেসরকারি স্কুলে পোষ্য কোটায় ভর্তি, সরকারি চাকুরিতে তাঁদের সন্তানদের পোষ্য কোটায় নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে এই ডিজিটাল কার্ড ও সনদপত্র ব্যবহার করা যাবে।
তিনি আরও জানান, ডিজিটাল সনদে ১৪ ধরনের এবং পরিচয়পত্রে ১২ ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুগলে গিয়ে ‘ফ্রিডম ফাইডার ভেরিফায়ার’ অ্যাপের মাধ্যমে এই সনদ ও পরিচয়পত্রে ইউনিক নম্বর আপ করলে প্রথমেই ৩০ সেকেন্ড বঙ্গবন্ধুর ভাষণ ও জাতীয় সঙ্গীত শোনা যাবে। এতে আরও রয়েছে থ্রিডি লোগো, ২টি করে কিউআর কোড, বঙ্গবন্ধু ও জাতীয় ফুল শাপলার এম্বোস করা শেডো বীর মুক্তিযোদ্ধার পৃথক তথ্যকণিকা ইস্যুকারী মন্ত্রী ও সচিবের স্বাক্ষর, ওয়াটার মার্ক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধুসহ নানা ধরনের নির্ধারিত আল্ট্রা মার্ক যার অনেক কিছু খালি চোখে দেখা যাবে না। এই সনদ ও পরিচয়পত্র ফটোকপি করা হলেও ওই কপিতে অসংখ্যবার কপি এই কথাটি উল্লেখ থাকবে।