- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জ উত্তর ইউপি আগ্রহী চেয়ারম্যান প্রার্থীরা পরস্পর আত্মীয়

বিন্দু তালুকদার
জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদ। গত ২৮ জানুয়ারী জামালগঞ্জ সদর ইউনিয়নকে দুইভাগে বিভক্ত করে দু’টি ইউনিয়ন গঠন করা হয়। সুরমা নদীর উত্তর তীরের ২৫ টি গ্রাম নিয়ে গঠিত হয় নতুন ইউনিয়ন পরিষদ ‘জামালগঞ্জ উত্তর’ ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নের আয়তন ২১.০৫ বর্গ কিলোমিয়ার, বর্তমান জনসংখ্যা ২৪,৩৯৪ জন ও মোট ভোটার ১২, ৭৮৯জন।
নতুন এই ইউনিয়ন পরিষদের প্রথম নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন, বিএনপির দলীয় ফরম সংগ্রহকারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বর্তমান ইউপি সদস্য আলী আক্কাছ মুরাদ, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জামালগঞ্জ সদর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল ইসলাম,  রজব আলী, সেলিম আহমদ ও জাহাঙ্গীর আলম। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোবারক আলী তালুকদার চেয়ারম্যান নির্বাচন করবেন বলে শুনা যাচ্ছে। জামালগঞ্জ সদর ইউনিয়নের ন্যায় এই ইউনিয়নেও চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসাবে সাতজনের নাম নিয়ে আলোচনা হচ্ছে।
কাকতালীয়ভাবে    হলেও সত্য জামালগঞ্জ উত্তর ইউনিয়নের সকল চেয়ারম্যান প্রার্থী একে অপরের আত্মীয়। সকল আত্মীয়রা একই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় সাধারণ ভোটারা ভোট দিতে বিপাকে পড়তে পারেন বলে জানিয়েছেন অনেকেই। তাদেরকে শ্যাম রাখি না কূল রাখি অবস্থায় পড়তে হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জামালগঞ্জ সদর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল ইসলামের মামা রজব আলী। রজব আলীর মামাতো ভাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোবারক আলী তালুকদার। আরেক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সেলিম আহমদ ও রজব আলী একে অপরের খালাতো ভাই। আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী এম নবী হোসেন বিএনপির দলীয় ফরম সংগ্রহকারী বর্তমান ইউপি সদস্য আলী আক্কাছ মুরাদের ফুফাতো ভাই। এছাড়া আরেক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমও অন্য চেয়ারম্যান প্রার্থীদের সাথে নানাভাবে আত্মীয় হন।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন বলেন,‘ এবারের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের নির্বাচন দলীয়ভাবে রাজনৈতিক দলের প্রতীক নিয়ে হচ্ছে। এখন ভোটারগণ নিজ দলের প্রার্থীকেই ভোট দেন। দলের বাইরে আঞ্চলিকতা ও আত্মীয়তার বন্ধনে ভোট দেন না। আমার বিশ্বাস এই ইউনিয়নের ভোটারগণ উন্নয়নের প্রতীক নৌকা প্রতীকেই ভোট দিবেন এবং উন্নয়নের সাথেই থাকবেন।’   
জামালগঞ্জ সদর ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল ইসলাম বলেন,‘আমি স্ব^তন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেব। ইউপি সদস্য হিসেবে এলাকায় কাজ করেছি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে এলাকার অনেক উন্নয়ন করেছি। আমার দাবি ভোটরগণ সব কিছুর মূল্যায়ন করবেন।’
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রজব আলী বলেন,‘ সাধারণ ভোটাররা বিবেক বিবেচনা করে যাকে ভাল ও যোগ্য মনে করবেন তাকেই ভোট দিবেন এবং চেয়ারম্যান পদে বসাবেন । ’
বিএনপির দলীয় ফরম সংগ্রহকারী ইউপি সদস্য আলী আক্কাছ মুরাদ বলেন,‘ সকল চেয়ারম্যান প্রার্থীই যোগ্য এবং আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। বিবেকের আদালত সর্বোচ্চ আদালত, এলাকার সার্বিক উন্নয়ন ও সকল সেবা যার কাছ থেকে সহজেই পাবেন ভোটারগণ বিবেচনা করে তাকেই ভোট দিবেন।’

  • [১]