- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জ ও তাহিরপুরে ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

জামালগঞ্জ ও তাহিরপুর প্রতিনিধি
জামালগঞ্জের ভীমখালী ইউনিয়নের সপ্তগ্রাম মল্লিকপুর বাজারে ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘূর্ণিঝড়ের আঘাতে একটি মাদরাসা, কমিউনিটি ক্লিনিক ও বাজারের প্রায় ৩০টি দোকান ঘর ও দক্ষিণ মল্লিকপুর গ্রামের ১১টি বসত ঘর লন্ডভন্ড হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
ঘূর্ণিঝড়ে মল্লিকপুর গ্রামের ক্ষতিগ্রস্তরা হলেন, দক্ষিণ মল্লিকপুরের বিধূভূষন দাস, হরি কান্ত দাস, রমা কান্ত দাস, সাবলাল দাস, জয়সেন দাস, চন্দ্রসেন দাস, মোহনলাল দাস,সীমন্ত দাস, দীপু রঞ্জন দাস, রতি কান্ত দাস, চন্দ্র কিটু দাস।
বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন আলাউদ্দিন, পল্লী চিকিৎসক জায়ফর আলী, ডা. বিজয় দাস, দিলোয়ার হোসেন, ইয়াহিয়া আলম, শাহজাহান,      
শাহীন আলম, তোফাজ্জুল হোসেন, শাকিল মিয়া,আজমল ইসলাম, কামরুজ্জামান, বাবুল দাস, ডা. আব্দুল গফুর, আমির উদ্দিন, সামছুল হক, ডা. আতিকুর রহমান, রতন মিয়া, আমির আলী, গিয়াস উদ্দিন, ডা. শাহাব উদ্দিন, এতরাজ আলী, সামছু মিয়া, নিকলেশ দাস প্রমুখের দোকান ঘর ও দোকান ঘরে থাকা মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী নাজমুল ইসলাম ও শাহীন আলম জানান, সকালে ঘূর্ণিঝড় এসে আমাদের দোকানপাট সহ বাজারের ঘরগুলো উড়িয়ে নিয়ে যায়।
সপ্তগ্রাম মল্লিকপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন বলেন, ভোরবেলা মুহূর্তের মধ্যেই ঘূর্ণিঝড় এসে বাজারটি তছনছ করে দেয়। এতে ব্যবসায়ীদের বিরাট ক্ষতি হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান (অ.দা.) বলেন, ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শনে যাব এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা করতে চেয়ারম্যানকে বলেছি। তাদের সহায়তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
তাহিরপুর
তাহিরপুরে আকস্মিক ঘুর্ণিঝড়ে ঘরবাড়ি, গাছপালাসহ ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় আকস্মিক ঘুর্ণিঝড়ে উপজেলা সদরের সূর্য্যরেগাঁও গ্রামের ১০টি কাঁচা ঘরবাড়ি ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ভেঙ্গে যায়। ঘরবাড়ি ভেঙ্গে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো প্রতিবেশীদের বাড়িঘরে আশ্রয় নিয়েছে। একই সাথে তাদের বসতবাড়ির গাছপালা ঘূর্ণিঝড়ের কবলে উপড়ে গিয়ে বসত বাড়ির সামনে পুকুরের মধ্যে গিয়ে পড়ে। অপরদিকে উজান তাহিরপুর গ্রামের বাবরুল হাসানের বসত বাড়িতে ২টি বড় আম গাছ উপড়ে পড়ে যায়। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তরা হলো, উপজেলা সদর ইউনিয়নের সূর্য্যরেগাঁও গ্রামের দুলাল দাস, গৌতম দাস, তাপস দাস, বেনু দাস, নিবাস দাস, অসিত দাস, লুকেস মিয়া, আসিকনুর, সুনীল দাস ও বিজয় দাস।
তাহিরপুর সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রদীপ দাস বলেন, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের প্রতিবেশী ও আত্মীয় স্বজনের বাড়ীতে আশ্রয় নিয়েছে।

  • [১]