জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদে মুজিববর্ষ ও জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা ও ড্রপডাউন ব্যানার উত্তোলন না করায় সদর ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকারি নির্দেশ অমান্য করায় গত ৪ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আজিজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নির্দেশ দেওয়া হয়।
গত ১৭ আগস্ট সুনামগঞ্জের খবর-এ মুজিববর্ষ ও জাতীয় শোক দিবসে পতাকা উত্তোলন না করা সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। খবর প্রকাশের প্রায় সাড়ে চার মাস পর বরখাস্তের নির্দেশনা দেওয়া হয়।
জানা যায়, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯-এর ৩৪(৪)(ঘ) ধারায় অপরাধ সংঘটিত করায় ৩৪(১) ধারা অনুযায়ী সদর ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনপত্রে গত ১৫ আগস্ট শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকীতে ড্রপডাউন ব্যানার ব্যবহার ও জাতীয় পতাকা উত্তোলন না করাসহ দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ আনা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব বলেন, আমি এখনও বরখাস্তের কপি পাইনি। বরখাস্তপত্র পেলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।