- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়কের বেহাল দশা

স্টাফ রিপোর্টার
‘রাস্তার বেহাল দশা, তারপরও মানুষ কষ্ট করে চলাফেরা করে। যেন এসব দেখার কেউ নেই। উপজেলা সদরের সাথে জেলা সদরের যোগাযোগ সড়কটি দিয়ে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, থানার ওসিসহ আরো অনেকে গাড়ি নিয়ে আসা-যাওয়া করেন তবে সড়ক সংস্কারের কোন উদ্যোগ নেই। গত ঈদে চরম দুর্ভোগ নিয়ে বাড়ি আসা-যাওয়া করছে মানুষ।’       
জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়কের বেহাল দশার কথা উল্লেখ করে ক্ষোভের সাথে কথাগুলো বলছিলেন জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউপির কালীপুর গ্রামের বাসিন্দ অ্যাড. শাহীনুর রহমান শাহীন।
অ্যাড. শাহীনুর রহমান শাহীন বলেন,‘ যদিও এটি জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়ক। কিন্তু এই সড়ক দিয়ে সুনামগঞ্জ সদর ও দক্ষিণ সুনামগঞ্জের একাংশ এবং জামালগঞ্জের লোকজন চলাফেরা করেন। উপজেলা সদরে রাস্তা কুড়ে রাখা হয়েছে। সুনামগঞ্জ সদর উপজেলার শান্তিপুর গ্রামের কাছে অনেক জায়গা নষ্ট হয়েছে। শান্তিপুরের ভাঙা রাস্তার উপর দিয়ে দীর্ঘদিন ধরে যাতায়াত করছে সব ধরনের যানবাহন। এই রাস্তা সংস্কারে এলজিইডি ও জনপ্রতিনিধিরা উদাসীন।’
শুধু আইনজীবী শাহীনুর রহমানই নয় জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়কের বেহাল দশা নিয়ে নানা অভিযোগ রয়েছে যানবাহন চালকসহ এলাকাবাসীর। শুধু শান্তিপুরই নয় জামালগঞ্জ উপজেলা সদরে নতুনপাড়া এলাকায় নতুন রাস্তা নির্মাণ করার জন্য অনেক জায়গার মাটি কুড়ে রাখা হয়েছে গত প্রায় একমাস আগে। ঈদে চরম ভোগান্তির শিকার হয়েছেন এলাকার মানুষ। মাটি কুড়ে রাখার কারণে জামালগঞ্জ উপজেলার নতুন পাড়া অংশে পায়ে হেঁটে যাওয়াও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। ভাঙ্গাচোরা রাস্তার কারণে এলাকার লোকজন জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের প্রকাশ্যে গালমন্দ করেন।
নতুন পাড়ার রাস্তা কুড়ে রাখার কারণে জেলা সদরের সাথে উপজেলা সদরের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন রয়েছে। গাড়ি থাকার পরও মোটরসাইকেলে করে জেলা সদরে আসা-যাওয়া করছেন উপজেলা নির্বাহী অফিসার। বিভিন্ন কোম্পানীর মালামাল পরিবহনকারী যানবাহন উপজেলা সদরে প্রবেশ করতে পারছে না।
নতুনপাড়া রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা এলজিইডির উপজেলা প্রকৌশলীকে চিঠি দিয়েছেন। চিঠির অনুলিপি জেলা প্রশাসক ও এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে দেয়া হয়েছে। উপজেলা প্রকৌশলীকে বার বার মৌখিকভাবেও অনুরোধ জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তারপরও রাস্তার কাজ শেষ হচ্ছে না। কবে কাজ শেষ হবে তা জানেন না কেউ।
রফিক মিয়া ও আলী হুসেন নামের সিএনজি চালক বলেন,‘ রাস্তা মেরামত করা ভাল কাজ। কিন্তু এভাবে রাস্তা কুড়ে রাখার কি যুক্তি। গাড়ি নিয়ে এই রাস্তা দূরের কথা, খালি পায়ে দুইজন মানুষ একসাথে আসা-যাওয়া করা যায় না। সুনামগঞ্জ সদর উপজেলার শান্তিপুর গ্রামের কাছেও সড়কের বেহলা দশা।’
জামালগঞ্জ সদর ইউনিয়নের নতুনপাড়া এলাকার স্থানীয় ইউপি সদস্য আশিক নূর বলেন,‘ উপজেলা সদরের প্রধান রাস্তা এটি। কিন্তু বর্ষকালে রাস্তার কাজ শুরু করায় এবং গাড়ি চলাচল বন্ধ থাকায় সকল মানুষের দুর্ভোগ দেখা দিয়েছে। বিশেষ করে ঈদের সময় মানুষ বাড়িতে আসা-যাওয়া করতে দুর্ভোগের শিকার হয়েছেন।’
এলজিইডির জামালগঞ্জ উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার বলেন,‘ উপজেলা পরিষদ থেকে ৫ কিলোমিটার রাস্তা প্রশস্ত করা হবে। গত ৭ এপ্রিল ঠিকাদারকে কার্যাদেশ দেয়া হয়েছে। এর পর অধিক বৃষ্টিপাতের কারণে রাস্তার কাজ করা সম্ভব হয়নি। পুরাতন রাস্তা ভেঙে নুতন রাস্তা করতে মাটির লেভেল পর্যন্ত কাজ করতে হচ্ছে। তাই মাঝে কিছু দিন মানুষের কষ্ট হয়েছে। বর্তমানে কাজ বন্ধ রাখা হয়েছে। বালি ফেলে চলাচলের ব্যবস্থা করে দেয়া হয়েছে।’
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসূন কুমার চক্রবর্তী বলেন,‘ নতুন রাস্তা নির্মাণের জন্য ঠিকাদার নতুন পাড়া এলাকার কাজ ফেলে রেখে দিয়েছে। দ্রুত রাস্তার কাজ শেষ করার জন্য উপজেলা প্রকৌশলীকে চিঠি দিয়েছি, জেলা প্রশাসক ও এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে চিঠির অনুলিপি দেয়া হয়েছে। মৌখিকভাবেও বেশ কয়েকবার বলেছি এর পরও কাজ হচ্ছে না। রাস্তা নষ্টের কারণে গাড়ি নিয়ে জেলা শহরে আসা-যাওয়া করা সম্ভব হচ্ছে না। মোটরসাইকেলে করে আসা যাওয়া করতে হচ্ছে। ’

  • [১]