- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়ক সংস্কার এডিবিতে অনুমোদন

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়কে চলাচলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেতে যাচ্ছে চার উপজেলার লক্ষাধিক মানুষ। ২০২২ সালের ভয়াবহ বন্যায় জামালগঞ্জ হেডকোয়ার্টার থেকে সুনামগঞ্জ জেলা হেডকোয়ার্টার ভায়া জয়নগর-জামালগঞ্জ অংশে ওয়াশ আউট হয়ে উপজেলা সদরের সাথে সুনামগঞ্জ জেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে করে জামালগঞ্জ ধর্মপাশা, মধ্যনগর, নেত্রকোনা জেলার মোহনগঞ্জ সহ চারটি উপজেলা মানুষের চলাচলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হয়। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে অসংখ্য সংবাদ প্রকাশ হয়। জামালগঞ্জ থেকে জয়নগর পর্যন্ত জামালগঞ্জ অংশের শাহাপুর, জাল্লাবাজ, উজ্জ্বলপুর ও নোয়াগাঁও এর কিছু অংশ বন্যায় ভেঙে যায়। উপজেলা প্রকৌশল অফিস তাৎক্ষণিকভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে কর্তৃপক্ষ সরজমিনে পরিদর্শন করে জরুরী ভিত্তিতে স্বল্প ব্যয়ে চলাচলের জন্য প্রাক্কলন তৈরি করতে বলেন। সেই প্রেক্ষিতে উপজেলা প্রকৌশলী প্রাক্কলন তৈরী করে অনুমোদনের জন্য পাঠান। পরবর্তীতে স্বল্প ব্যয়ে সাময়িক ভাবে চলাচলের জন্য ভাঙা অংশে এসভিবির মাধ্যমে মেরামত করা হয়। কিন্তু ভারী বৃষ্টি হলে অচিরেই আবারও যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আশার আলো হলো উল্লেখিত সড়কে বড় ধরনের মেরামতের জন্য এশিয়ান উন্নয়ন ব্যাংকের সহায়তায় বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। গত ১১ এপ্রিল প্রকল্পটি অনুমোদন হয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আব্দুল মালেক মিয়া বলেন, এশিয়ান উন্নয়নের ব্যাংকের সহায়তায় জামালগঞ্জ সুনামগঞ্জ অংশের সড়কটি মেরামতের জন্য অনুমোদন হয়েছে। আশাকরি আগামী অর্থ বছরে বড় আকারে সড়কটি মেরামত করা হলে এ অঞ্চলের মানুষের যোগাযোগের সমস্যার সমাধান হবে।

  • [১]