- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জ হাসপাতাল ৫০ পদেই নেই লোক

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্স ডাক্তার, নার্স,ল্যাব টেকনিশিয়ান,অফিস সহকারীসহ ১১৪ জনের মঞ্জুরিকৃত পদ রয়েছে। এর মধ্যে ডাক্তার, নার্সসহ ৫০ জনের পদ শূন্য রয়েছে দীর্ঘদিন ধরে। জনবল সংকটের কারণে স্বাভাবিক সেবা ব্যাহত হচ্ছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে,জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্স ও এর অধীনস্থ প্রতিষ্ঠানে ১১৪ জনের মঞ্জুরিকৃত পদের মধ্যে কর্মরত আছেন ৬৪ জন। হাসপাতালে সেবা ও ব্যবস্থাপনা দেখভালে নিয়োজিত আবাসিক চিকিৎসক নেই দীর্ঘদিন ধরে। জুনিয়র কনসালটেন্ট ৪ জনের মধ্যে ৪ জনের পদই শূন্য। মেডিকেল অফিসারের পদও শূন্য রয়েছে। ডেন্টাল সার্জনের পদ থাকলে সবসময়ই শূন্য থাকে পদটি। নেই নার্সিং সুপারভাইজার। ল্যাব টেকনিশিয়ান      
(ফার্মাসিস্ট ও রেডিওগ্রাফি) ৬ জনের পদই শূন্য। নার্স ১৫ জনের মধ্যে কর্মরত আছেন মাত্র ২ জন। স্বাস্থ্য সহকারি ৩০ জনের মধ্যে ৫ জনের পদ শূন্য। এছাড়াও চতুর্থ শ্রেণীর অনেক পদই শূন্য রয়েছে।
সেবাগ্রহিতারা জানান,লোকবল সংকটের কারণে তারা ন্যায্য সেবা পাচ্ছেন না। তাছাড়া যারা দায়িত্বে আছেন তাদের কাছ থেকেও নিয়মিত সেবা পান না এলাকাবাসী।
চিকিৎসা নিতে আসা একাধিক লোকজন বলেন, আমাদের উপজেলা স্বাস্থ্য কমপেক্সে কোন উন্নত সেবা মিলে না। সাধারণ সেবা প্রার্থীদের পদে পদে ভোগান্তি। জরুরিভিত্তিতে শূন্য পদগুলো পূরণ করে সাধারণ মানুষের সেবার মানোন্নয়ন জরুরি প্রয়োজন বলে তারা মনে করেন।
সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম বলেন,‘জামালগঞ্জসহ জেলার সকল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে লোকবল নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলেছি। তাছাড়া যে অবকাঠামো ও লোকবল আছে তা দিয়েই নিয়মিত সেবা দানের নির্দেশনা রয়েছে।’

  • [১]