- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জারুলিয়া জলমহালে নিহত নিরীহদের আতর্নাদ কি বাতাসে মিলিয়ে যাবে?

দিরাই উপজেলার ঘোড়ামারা সাতকানিয়া জলমহালে (জারলিয়া নদী) গত মঙ্গলবারের বন্দুক যুদ্ধে এখন পর্যন্ত যে তিন ব্যক্তির প্রাণ গিয়েছে তারা কোনভাবেই জলমহাল সংশ্লিষ্ট নন। এরা নিতান্তই অতি সাধারণ গ্রামবাসী। রবাহুত হয়ে পতঙ্গের মত আগুনে ঝাঁপ দিয়েছে তারা।  নিহত তাজুল ইসলাম, শাহারুল মিয়া ও উজ্জ্বল মিয়া তিন জনই তরতাজা যুবক। তাজুল হাতিয়া গ্রামের ও অপর দুই নিহত আকিলনগর গ্রামের বাসিন্দা। হাতিয়া ও আকিলনগর জলমহাল নিকটবর্তী গ্রাম। নিহতরা ছিলেন যার যার পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি। দুই ইজারাদার পক্ষের দখলদারিত্বের লড়াইয়ে নিহত ব্যক্তিদের পরিবারে চলছে শোকের মাতম। শোকের রেশ কাটিয়ে উঠার পরই তাদের পরিবারগুলো সন্মুখীন হবে ভয়াবহ বাস্তবতার। সেই বাস্তবতা হলো অভাবের উৎকট রূপ। পরিবারগুলো উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে কীভাবে বেঁচে থাকবেন সেটি স্বজন হারানোর বেদনার চাইতেও বড় হয়ে দেখা দিবে। কিন্তু তিনটি পরিবারের আহাজারি, অভাবের যন্ত্রণা কোন কিছুই স্পর্শ করবে না যুদ্ধমান দুই ইজারাদার পক্ষকে। তারা যথারীতি জারলিয়া নদীর দখল নিয়ে নতুন যুদ্ধে লিপ্ত হবেন। সেই যুদ্ধে আরও কারও প্রাণ যেতে পারে। এই পৌনপুনিকতা বন্ধ হবার নয়। বন্ধ করতে চায় না আমাদের রাজনৈতিক-প্রশাসনিক ব্যবস্থা। আজ এ পক্ষ তো কাল অপর পক্ষ নিজেদের শক্তি বৃদ্ধি করে সংঘাত সংঘর্ষের পথেই চলবেন। কারণ এখানে যে টাকার ছড়াছড়ি। জলের নীচের মাছ বিক্রি করে ধনবান হওয়া জেলার পুরাতন ঐতিহ্য। পুরতানরা একই প্রক্রিয়া অনুসরণ করে গেছেন। নবীনরা মহাজনদের দেখিয়ে দেওয়া পথেই হাঁটবেন, এ আর আশ্চর্য কি!
জারুলিয়া নদী জলমহালের ইজারাদার একটি মৎস্যজীবী সমিতির জনৈক কর্মকর্তা আরেক প্রভাবশালীদের নিকট ইজারাসত্ব বিক্রি করে দিয়েছেন। সমিতির অন্যরা পরে এটি অস্বীকার করে বিক্রেতা কর্মকর্তাটিকে সমিতি থেকে বহিষ্কার করলেন। সমিতির নেতাদেরও রয়েছে পাল্টা প্রভাবশালী বলয়। প্রভাবশালী পুষ্ঠ হয়েই তারা জলমহালে নিজেদের দখল বজায় রাখেন। অন্য পক্ষটি (যারা সত্ব কিনে নিয়েছিলেন) বসে বসে আঙুল না চোষে সদলে দখল করতে আসলেন আর দুই পক্ষের ভীষণ যুদ্ধে প্রাণ গেল ওই তিন নিরীহর। আমাদের প্রশ্ন হলো যুদ্ধের আগে-পরে, ইজারা গ্রহণ প্রক্রিয়ায় এবং সত্ব বিক্রির সময় আমাদের প্রশাসনিক ব্যবস্থাটি কী করছিল? যে ভীষণ ফন্দিবাজ ও ধূর্ত সমিতি-কর্মকর্তাটি সম্পূর্ণ অবৈধভাবে অন্য আরেক ব্যক্তির নিকট জলমহালের ইজারা সত্ব বিক্রি করে দিলেন তখনই তো বিরোধের বীজ রোপণ হয়ে গেছে। বিক্রিকারী ওই সমিতি-কর্মকর্তাটি তো ইজারা শর্ত ভঙ্গ করার দায়ে কঠিন সাজা পাওয়ার অধিকারী ছিলেন। সেটি তিনি পান নি। বিরোধেরও নিষ্পত্তি হয় নি। মারামারির এমন মৃগয়াক্ষেত্র তৈরি করে দিয়েছে তো ইজারাগ্রহীতা সমিতিটিই।
জানা যায় উভয় ইজারাদার ও সত্বক্রেতাদের দুই পক্ষই নাকি ভীষণভাবে রাজনৈতিক মদদপুষ্ঠ। এবং অতিঅবশ্যই এখন তাদের রাজনৈতিক সম্পর্কটি ক্ষমতাসীন আওয়ামী লীগের সাথে (বিএনপি ক্ষমতায় থাকলে অবধারিতভাবে সম্পর্কটি বিএনপির সাথেই থাকত)। রাজনৈতিক মদদপুষ্ঠতার কারণে প্রশাসন যথাযথ ব্যবস্থা নিতে অপারগ হয়। ফল হয় সাধারণ মানুষের আতংক, কিছু লোকের নিহত-আহত হওয়া। এর থেকে পরিত্রাণের কি কোন পথ নেই? টাঙ্গুয়ার হাওরকে সাবেক ইজারাপ্রথায় নিয়ে আসার জন্য একটি পক্ষ বুদ্ধিবৃত্তিক চেষ্টা করে যাচ্ছেন। টাঙ্গুয়ায় অতীতের রক্তক্ষরণের ইতিহাসগুলো সকলের কাছে এখনও তাজা, সেই ইতিহাসের সাথে যখন এখনকার জারুলিয়া বা অন্যান্য জলমহালগুলোর ভয়াবহতা মিলানো হয় তখন ইজারাদারির পক্ষে সাফাই গাওয়ার মত কিছু থাকে কি?
জারুলিয়ায় নিহত তিন অসহায় পরিবারকে আর্থিক পুনর্বাসনের লক্ষে জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।  

  • [১]