সু.খবর ডেস্ক
জাসদ সম্পর্কে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফের বক্তব্যকে ব্যক্তিগত আখ্যা দিয়ে সরকারি জোটের সবাইকে এক হয়ে কাজ করার আহবান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকার নন্দনপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর নির্মিত ফুটওভারব্রিজের উদ্বোধন শেষে এ আহ্বান জানান তিনি।
গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক সভায় সৈয়দ আশরাফ বলেন, স্বাধীনতার পরপরই মুক্তিযুদ্ধের চেতনাকে বিকৃত ও বিনষ্ট করতে চেয়েছিল জাসদ, এমনকি বঙ্গবন্ধুকে হত্যার পরিবেশও তৈরি করেছিল দলটি।
এছাড়া জাসদ থেকে মন্ত্রী করার জন্য ভবিষ্যতে আওয়ামী লীগকে প্রায়শ্চিত্ত করতে হতে পারে বলেও আশংকা প্রকাশ করেন।
সরকারি জোটের অন্যতম শরিক দল জাসদ সম্পর্কে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের বক্তব্যকে পরদিন মঙ্গলবারই ‘ব্যক্তিগত’ বলে আখ্যা দেন দলের সভাপতিমন্ডলীর সদস্য ওবায়দুল কাদের।
এর তিন দিনের মাথায় শুক্রবার সৈয়দ আশরাফের বক্তব্যের বিষয়ে ফের মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, এখন এসব ঘাটাঘাটির সময় নয়। জাসদ সম্পর্কে সৈয়দ আশরাফের বক্তব্য ব্যক্তিগত, এটি সরকার বা আওয়ামী লীগের বক্তব্য নয়।
সেতুমন্ত্রী আরও বলেন, বর্তমানে বড় বিপদ হচ্ছে উগ্র সাম্প্রদায়িকতা। বিভেদ-বিভাজন না করে সবাইকে এক হয়ে সাম্প্রদায়িকতা মোকাবেলায় কাজ করতে হবে।