- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জাহানারা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে সিলেট বোর্ডের পরিদর্শক দল

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলা সদরে অবস্থিত জাহানারা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরিদর্শক দল। দু’সদস্য বিশিষ্ট পরিদর্শক দলে ছিলেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মইনুল হোসেন ও সহকারী বিদ্যালয় পরিদর্শক জাহাঙ্গীর আলম।
শনিবার বেলা ১১টায় জাহানারা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনের সময় বিদ্যালয়ে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুদাচ্ছির আলম সুবল, উপজেলা যুবলীগ সভাপতি হাফিজ উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বোরহান উদ্দিন, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ ইয়াহিয়া তালুকদার, আনোয়ারপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বিমল চন্দ্র দে, জাহানারা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতিষ রায়, পরিচালনা কমিটির সদস্য বাববরুল হাসান বাবলু, মেহেদী হাসান উজ্জল, রমেন্দ্র নারায়ন বৈশাখ প্রমুখ।
পরিদর্শনকালে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জনতা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মুদাচ্ছির আলম সুবল ও উপজেলা যুবলীগ সভাপতি হাফিজ উদ্দিন পরিদর্শক দলকে জানান, তাহিরপুর উপজেলা সদরে একটি নিম্নমাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা খুবই জরুরী। সদরে একটি সরকারি উচ্চ বিদ্যালয় রয়েছে সেখানে ষষ্ঠ শ্রেণিতে সরকারি নিয়ম অনুযায়ী একশত ছাত্র/ছাত্রী ভর্তি করা যায়। ভর্তির সময় আবেদন জমা পড়ে প্রায় ৭ থেকে ৮শত। এর মধ্যে দেড় শতাধিক ছাত্রী ষষ্ঠ শ্রেণীতে তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ভর্তি হতে পারে। অতিরিক্ত ৪/৫শত ছাত্র ছাত্রীকে নিরুপায় হয়ে পাশর্^বর্তী বালিজুড়ি ইউনিয়নের আনোয়ারপুর উচ্চ বিদ্যালয় কিংবা দূরের কোথায় গিয়ে লেখাপড়া করতে হয়। দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা টাকা পয়সা ও সুযোগ সুবিধার অভাবে লেখাপড়া থেকে ঝরে পড়ে যায়। সবদিক বিবেচনা করে জাহানারা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা হওয়া এলাকাবাসীর প্রাণের দাবি।
সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মইনুল হোসেন বলেন, তিনি আশপাশের বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে কথা বলে জানতে পেরেছেন তাহিরপুর উপজেলা সদরে একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়োজন। জাহানারা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি শনির হাওরের পাশে প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত। ছাত্র ছাত্রীর সংখ্যাও পর্যাপ্ত পরিমান রয়েছে বলেও তিনি জানান।

  • [১]