সু.খবর ডেস্ক
জাতীয় জাদুঘর থেকে জিয়াউর রহমানের মরণোত্তর স্বাধীনতার পদক সরিয়ে ফেলার প্রতিবাদে দু’দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
জাতীয় জাদুঘর থেকে জিয়াউর রহমানের মরণোত্তর স্বাধীনতার পদক সরিয়ে ফেলার ঘটনাকে সরকারের ‘প্রতিহিংসার বহিঃপ্রকাশ’ অভিহিত করে তিনি জানান, প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার ঢাকায় এবং শনিবার সারাদেশে মহানগর ও জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
মির্জা ফখরুল জানান, ঢাকায় বিক্ষোভ সমাবেশ হবে শুক্রবার বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবে। এছাড়া শনিবার সারাদেশে জেলা সদর ও মহানগরে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
তিনি দলের সকলকে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, ডা. এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, জয়নাল আবেদীন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ছাত্রদল সভাপতি রাজীব আহসান প্রমুখ।