- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জীবিকার কাব্য

— এস ডি সুব্রত
দিনরাত যারা খেটে মরে
অন্যের স্বপ্ন বিনির্মাণে
তাদের ছোট্ট স্বপ্নের কথা
যেন যাই সবাই ভুলে,
রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে
যারা জীবনের গল্প আঁকে
তাদের চোখে স্বপ্ন জাগাতে
কজন বলে এগিয়ে আসে,
হাতুড়ির আঘাতে রক্ত স্ফুলিঙ্গে
যারা জীবিকার কাব্য লেখে
তাদের মুখে হাসি ফুটাতে
সবার এগিয়ে আসতে হবে,
কলকারখানা মাঠে ঘাটে
রক্ত যাদের ঘাম হয়ে ঝড়ে
শ্রমিক ভাই আর বোনের ঘরে
চাঁদের হাসি উঠুক ফুটে,
দুধের শিশু বৃদ্ধ পিতাকে
রেখে যারা ছুটে অন্নের খুঁজে
তাদের লালিত স্বপ্নটাতে
প্রাণের স্পন্দন দিতে হবে,
হাওর পাড়ে কাঁদা জলে
কৃষকের বুকে আশা জাগে
জল জোছনার স্বপ্ন নিয়ে
আঁধার শেষে প্রদীপ জ্বলে,
মা ভগ্নি যারা সংসার সাজাতে
ছুটে অফিস মাঠে ঘাটে
সুখের স্বর্গ টা নামিয়ে আনে
মাটির ধরায় ত্যাগের বিনিময়ে,
যাদের হাড়ভাঙা শ্রমে
সুরম্য অট্টালিকা মাথা তুলে
জীবনের গল্প টা তাদের
যেন নিরবে নিভৃতে কাঁদে।

  • [১]