স্টাফ রিপোর্টার
সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি নির্বাচনী পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ণ এবং প্রশ্ন্ তৈরিতে ত্রুটির অভিযোগ করেছেন একাধিক শিক্ষার্থী। রোববার দৈনিক সুনামগঞ্জের খবরের টেলিফোনে এবং কেউ কেউ নিজেদের উত্তরপত্র দেখিয়ে এসব অভিযোগের কথা জানান।
একজন শিক্ষার্থী জানান, ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় প্রথম প্রশ্নটিতে সঠিক উত্তর দেবার পরও কেটে দেওয়া হয়েছে। আরেকজন শিক্ষার্থী বলেছেন, অবজেকটিভে ২৮ টি প্রশ্নের উত্তর দিলেও ২২ টিতে নম্বর দেওয়া হয়েছে। আরেক শিক্ষার্থী জানান,
ইসলাম শিক্ষা পরীক্ষার উত্তরপত্রে শরিয়তের তৃতীয় উৎস- যাকাত। এই উত্তরটি লেখার পরও কেটে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা প্রশ্ন তৈরিতে ভুল থাকার কথাও জানান।
শিক্ষার্থীরা জানান, এর আগেও প্রাক নির্বাচনী পরীক্ষায় বাংলা প্রথম পত্রের প্রশ্ন তৈরিতে কুমিল্লা জেলা স্কুলের ২০১৫ সালের প্রশ্নের ৪০ টি অবজেকটিভ হুবুহু তুলে দেওয়া হয়েছিল।
সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক মোল্লা বলেন, ‘আমি চেষ্টা করছি ভাল করার। এরপরও কিছু ত্রুটি অথবা মুদ্রণ বিভ্রাট এবং কিছু অনৈতিকতাও রয়েছে। বিগত প্রাক নির্বাচনী পরীক্ষায় বাংলা প্রথম পত্রের পরীক্ষার প্রশ্ন তৈরিতে অনৈতিকতার আশ্রয় নেওয়ায় একজন শিক্ষককে প্রশ্ন করা থেকে বাদ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।’