- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জুলাইতে ৪৫ হাজার সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ

সু.খবর ডেস্ক
আগামী জুলাই মাসে ৪৫ হাজার সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
বুধবার মোহাম্মদপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ে ‘ঢাকা মহানগরে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও নতুন আঙ্গিকে গড়ে তোলার দৃষ্টিনন্দন প্রকল্প’ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
মো. জাকির হোসেন বলেন, বঙ্গবন্ধু সারাদেশে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার জন্য ১৯৭২সালে ৩৬ হাজার ১৬৫টি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছিলেন। সেই ধারা বজায় রেখে আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত ও সজ্জাগত উন্নয়ন এর জন্য ১ হাজার ১৫৯ কোটি ২১ লাখ টাকার প্রকল্প হাতে নিয়েছি।
ঢাকার ৩৪২টি প্রাথমিক বিদ্যালয় উন্নয়নের পাশাপাশি যেসব বিদ্যালয়ে সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়নের সুযোগ নেই সেগুলোকে বড় কোনো প্রতিষ্ঠান এর সঙ্গে একীভূত করা হবে।
তিনি আরো বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। আগামি ২০ মে ২য় ধাপ এবং ৩রা জুন ৩য় ধাপ সম্পন্ন করে জুলাইয়ে ৪৫ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম প্রমুখ।
প্রকল্পের আওতায় তিনি মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
সূত্র : ঢাকাটাইমস

  • [১]