জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে কুশিয়ারা নদীর লঞ্চঘাটে জুয়া খেলার আসরে পুলিশের ধাওয়া খেয়ে তাজ উদ্দিন (৬৫) নামে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। বুধবার বিকেলে এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়, রানীগঞ্জ ইউনিয়নের চার ব্যক্তি কুশিয়ারা নদীর পুরাতন লঞ্চঘাটে বসে জুয়া খেলায় ছিল। খবর পেয়ে জগন্নাথপুর থানার উপ পরিদর্শক রানীগঞ্জ ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম সফিক জুয়ার আসরে ধাওয়া দিলে চার ব্যক্তি কুশিয়ারা নদীতে ঝাঁপ দেয়। তাদের মধ্যে তিনজন সাঁতার দিয়ে পাড়ে উঠতে পারলেও উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধবপুর গ্রামের তাজ উদ্দিন (৬৫) উঠতে পারেননি। সাঁতার দিয়ে পাড়েল উঠতে পারা গন্ধর্বপুর গ্রামের আছাব আলী (৫৫) কে স্থানীয় লোকজন আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
খবর পেয়ে পুলিশ,এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের লোকজন নিখোঁজ ব্যক্তির উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে জানতে জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে পরে কথা হবে। তবে থানার সেকেন্ড অফিসার জিন্নাতুল হাসান বলেন, রানীগঞ্জে অন্য একটি অভিযানে যাওয়া পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন নদীতে ঝাঁপ দিয়েছে এবং তাদের মধ্যে একজন পাড়ে উঠতে পারেনি বলে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উদ্ধার অভিযানে রয়েছি।