স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে যৌথ সংবাদ সম্মেলন করেছে জেলা পরিষদ ও সুনামগঞ্জ পৌরসভা। শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট।
তিনি জরুরী ভিত্তিতে সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণার দাবির পাশাপাশি তদন্ত কমিটি গঠনের মাধ্যমে ফসল রক্ষা বাঁধ নির্মাণ অনিয়ম ও দুর্নীতিতে জড়িত দুর্নীতিবাজ পাউবোর কর্মকর্তা, পিআইসি, ঠিকাদারদের চিহ্নিত করা,
ক্ষতিগ্রস্ত কৃষকদের সারা বছর ১০ টাকা কেজি দরে চাল সরবরাহ, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরী, হাওর ও কৃষি উন্নয়নে নদী ও খাল খনন বাস্তবায়ন করাসহ নানান দাবি উত্থাপন করেন।
হাওরের বোরো ফসল ডুবির বিষয়ে তিনি বলেন,‘ কৃষকের বোরো ফসল নিয়ে পাউবো কি করছে, পাউবোর সাথে কারা জড়িত, কাদেরকে ভাগের টাকা দেয়া হয় সবকিছুই জানতে হবে।’ পাউবো, পিআইসি ও ঠিকাদারদের অনিয়ম-দুর্নীতি খোঁজে বের করতে সাংবাদিকদের প্রতি অনুরোধ করে তিনি জেলার ক্ষতিগ্রস্ত কৃষকের ১০ টাকা কেজি দরে চাল দেয়ার জন্য দুর্যোগ ও ত্রাণমন্ত্রীর কাছে চিঠি লিখেবেন বলে জানান।
এছাড়াও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুল। তিনি বলেন,‘ সারা জেলার কৃষকরা দুর্যোগ ও ক্ষতিগ্রস্ত তাই সবারই উচিত ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানো। বাঁধ তৈরিতে অনিয়ম-দুর্নীতিতে জড়িতদের বিচারের দাবি জানিয়ে তিনি পাউবোকে বিল প্রদান থেকে বিরত থাকার আহবান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য আবুল হোসেন খান, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, জেলা যুবলীগের সদস্য সবুজ কান্তি দাস, জেলা ছাত্রলীগ নেতা রুমেন চৌধুরী, দিপংকর কান্তি দে ।