স্টাফ রিপোর্টার
তাহিরপুরের নির্যাতিত সাংবাদিক কামাল হোসেন বাদী হয়ে ৫ জনের নামোল্লেখ করে অজ্ঞাত ৬ জনকে আসামী দিয়ে ১১ জনের নামে মঙ্গলবার বিকালে তাহিরপুর থানায় মামলা দায়ের করেছেন। এদিকে এঘটনায় ৪ বালু-পাথর খেকোকে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে পুলিশ এদের আটক করে। আটককৃতরা হচ্ছে- উপজেলার যাদুকাটা নদীর পাড়ের গ্রাম ঘাগটিয়ার শামছু মিয়ার ছেলে ফয়সাল আহমদ (১৯), মো. শাহনুর মিয়ার ছেলে আনহারুল (২০), সাবিরুল ইসলামের ছেলে তাহির হোসেন (২০), গোলাম হোসেনের ছেলে মাসবিবুল (২৬)।
তাহিরপুর থানার সাবইন্সপেক্টর দীপংকর বিশ^াস জানিয়েছেন, নির্যাতিত সাংবাদিক কামাল হোসেন বাদী হয়ে ৫ জনের নামোল্লেখ করে ১১ জনের নামে মামলা (মামলা নম্বর-১, ০২.০২.২১) করেছেন। এ ঘটনায় আটক ৪ জনকে বিকালে আদালতে সোপর্দ করা হলে সুনামগঞ্জ জেলা জজ আদালতের তাহিরপুরের বিচারক খালেদ মিয়া তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন। কোর্ট ইন্সপেক্টর সেলিম নেওয়াজ এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ হামলাকারী সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
এদিকে মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ শহরের আলফাত উদ্দিন স্কয়ারে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন হয়। মানববন্ধনে গণমাধ্যমকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা সাংবাদিক কামাল হোসেনকে গাছের সাথে বেঁধে নির্মমভাবে নির্যাতনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান এবং ঘটনার সাথে জড়িত দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দৈনিক আমাদেরসময় ও দি নিউনেশনের জেলা প্রতিনিধি বিন্দু তালুকদাররের সভাপতিত্বে ও ঢাকাপোস্টের জেলা প্রতিনিধি আসাদ মনির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি দৈনিক সমকাল ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি পঙ্কজ কান্তি দে, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি মোহনা টিভি ও দৈনিক সবুজ সিলেটের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, চ্যানেল এসের জেলা প্রতিনিধি আকরাম উদ্দিন, দৈনিক সোনালী খবরের জেলা প্রতিনিধি ফরিদ মিয়া, সংগঠনের সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাক ও চ্যানেল নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি বুরহান উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক মুক্তখবরের জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, দৈনিক সুনামগঞ্জের সহকারী সম্পাদক প্রেসক্লাবের কার্যকরী সদস্য অ্যাড. মাহবুবুল আলম শাহীন, তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক সকালের সময়ের জেলা প্রতিনিধি কে. এ, শহীদুল ইসলাম।
মানববন্ধনে অন্যান্যদের উপস্থিত ছিলেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক জাগোনিউজের জেলা প্রতিনিধি লিপসন আহমদ, সাংস্কৃতিক সম্পাদক বাংলাদেশ পরিক্রমার জেলা প্রতিনিধি মেহেদী হাসান, সাহিত্য সম্পাদক সিলেট ২৪.কমের জেলা প্রতিনিধি সোহানুর রহমান সোহান, ক্রীড়া বিষয়ক সম্পাদক দৈনিক আজকের বসুন্ধরার জেলা প্রতিনিধি মুহবিুর রেজা টুনু, পাঠাগার বিষয়ক সম্পাদক দৈনিক হাওরাঞ্চলের কথার স্টাফ রিপোর্টার আলাউর রহমান, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সদস্য সাপ্তাহিক একতার জেলা প্রতিনিধি অ্যাডভোকেট এনাম আহমদ, এনটিভি ও সারাক্ষণের জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী, দৈনিক দেশরূপান্তর ও চ্যানেল২৪ এর জেলা প্রতিনিধি অ্যাডভোকেট এ. আর জুয়েল, দৈনিক বর্তমান খবরে জেলা প্রতিনিধি উস্তার আলী, সুনামগঞ্জ ভয়েস.কমের সম্পাদক হাবিবুর রহমান জাবেদ, দৈনিক এশিয়া বানীর জেলা প্রতিনিধি আনোরুল হক, দৈনিক স্বাধীন বাংলার জেলা প্রতিনিধি বাবুল মিয়া, চ্যানেল২১টিভির জেলা প্রতিনিধি আল হাবিব, দৈনিক সুনামকণ্ঠের স্টাফ রিপোর্টার রেজাউল করিম, শিক্ষক নেতা রুহুল আমিন, সমাজসেবক অমরেশ চক্রবর্তী, সংস্কৃতিকর্মী প্রদীপ পাল, রাজীব রায়, দুর্জয় দত্ত পূরকায়স্থ প্রমুখ।
সোমবার দুপুরে তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর ঘাগটিয়া এলাকায় অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের ছবি তুলতে গেলে সাংবাদিক কামাল হোসেনকে মারধর করে বালু পাথর খেকোরা। আশংকাজনক অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কামাল হোসেন দৈনিক সংবাদ ও সিলেটের আঞ্চলিক পত্রিকা দৈনিক শুভ প্রতিদিনের তাহিরপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন। তিনি তাহিরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক।
এছাড়া উকিলপাড়াস্থা সুনামগঞ্জ প্রেসক্লাবের সামনে ও আলফাত স্কয়ারে বিভিন্ন সাংবাদিক সংগঠনের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।