বিশেষ প্রতিনিধি
জেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রমে অনিয়ম ঠেকাতে গিয়ে কেউ কেউ অনিয়মে যুক্ত হয়ে পড়েছেন। কোথাও যাচাইয়ের সময় রাজাকারের নামও মুক্তিযোদ্ধার তালিকায় পাওয়া গেছে। কোথাও আবার কমিটির সদস্যদের বিরুদ্ধেও ঘুষ আদান-প্রদানের অভিযোগ উঠেছে। জেলার জামালগঞ্জ উপজেলায় ঘুষ নেবার অভিযোগ লিখিতভাবে স্বীকার করেছেন কমিটির এক সদস্য। এই উপজেলায় ২ জন সদস্য ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা তৈরির অভিযোগে অভিযুক্ত হয়েছেন। বুধবার এরা দুজনই কমিটি থেকে পদত্যাগ করেছেন। গত ২১ জানুয়ারি থেকে জেলার বিভিন্ন উপজেলায় প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে যুক্ত মুক্তিযোদ্ধারা বলেছেন,‘সুনামগঞ্জের কোথাও কোথাও যাচাই-বাছাই কার্যক্রমে হাস্যকর ঘটনা ঘটছে।’ জামালগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্য মুজিবুর রহমানের বিরুদ্ধে উপজেলার মঙ্গলবার উপজেলার শান্তিপুর গ্রামের মৃত ফজর আলীর স্ত্রী মোছা. ওয়াহিয়া বেগম তার স্বামীকে মুক্তিযোদ্ধা বানিয়ে দেবেন বলে অভিযোগ করেন। একই গ্রামের মো. আব্দুল করিমকে মুক্তিযোদ্ধা বানিয়ে দেবেন বলে ৮ বারে ৩০ হাজার টাকা গ্রহণ করার অভিযোগ ওঠে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব প্রসূন কুমার চক্রবর্তী এই অভিযোগ তদন্তের দায়িত্ব দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইসমাইল হোসেনকে।
বুধবার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইসমাইল হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট দায়ের করা তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছেন, মুজিবুর রহমান চৌধুরী লিখিত বক্তব্যে আব্দুল করিমের কাছ থেকে ৫ হাজার টাকা এবং রাহিমা বেগমের কাছ থেকে ১০ হাজার টাকা নিয়েছেন বলে স্বীকার করেন এবং ৭ দিনের মধ্যে টাকা ফেরৎ দেবারও অঙ্গিকার করেন।
এছাড়া জামালগঞ্জ উপজেলার ৪৭ জন মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সদস্য জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রতিনিধি মজিবুর রহমান চৌধুরী এবং মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি সফর আলীর বিরুদ্ধে বিভিন্ন সময়ে ঘুষ গ্রহণ করে
মুক্তিযোদ্ধা বানানোর অভিযোগ তুলে কমিটি থেকে তাদের পদত্যাগের দাবি তুলেন। পরে এই দুই সদস্য বুধবার শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে উপজেলা যাচাই-বাছই কমিটি থেকে পদত্যাগ করেন।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এমন তদন্ত প্রতিবেদন পেয়েছেন এবং ঐ দুই সদস্য পদত্যাগ করেছেন জানিয়ে বলেন,‘এই বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক বরাবরে চিঠি পাঠানো হবে’।
এদিকে, জেলার দোয়ারাবাজার উপজেলার বীরসিংহ গ্রামের আলাউদ্দিন রাজাকারকে মুক্তিযোদ্ধার তালিকায় নাম উঠিয়ে দীর্ঘদিন ধরে সুবিধা গ্রহণ করছিলেন। তার মৃত্যুর পর, পরিবারের সদস্যরা সুবিধা নিয়েছেন। গত ১৪ ফেব্রুয়ারি ঐ মুক্তিযোদ্ধা পরিবারকে যাচাই-বাছাই কার্যক্রমে উপস্থিত হবার জন্য চিঠি দেওয়া হলেও পরিবারের কেউ যাচাই-বাছাই কমিটির সামনে উপস্থিত হননি।
উপজেলা প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান ইদ্রিছ আলী বীরপ্রতীক বলেন,‘আলাউদ্দিন রাজাকার মুক্তিযুদ্ধের পর এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়ে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দেখিয়ে সৈনিকের চাকুরি নিয়ে মুক্তিযোদ্ধার সুবিধা নিয়েছেন। তিনি মারা গেছেন। তার পরিবারের কোন সদস্য যাচাই-বাছাইয়ের সময় কমিটির সামনে আসেননি। এছাড়া মুক্তিযুদ্ধকালীন অপেক্ষামাণ ক্যাম্পের অনেকে মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছেন। কেউ কেউ অন লাইনে তালিকাভুক্ত হবার জন্য আবেদন করেছেন।’
ছাতক উপজেলা যাচাই-বাছাই কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল আমীন বলেন,‘যুদ্ধকালীন সময়ে কোন সহযোগিতা করেননি, এমন অনেকে মুক্তিযোদ্ধা হবার জন্য আবেদন করেছেন’।
জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্য আবু সুফিয়ান বলেন,‘রাজাকার মির্জা আব্দুল মতিন মুক্তিযোদ্ধা হবার জন্য আবেদন করেছিলেন। কমিটির সদস্য সচিব মো. মাসুম বিল্লাহ্ এই আবেদন ছিড়ে ফেলেন।’
জামালগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি অ্যাড. আসাদ উল্লাহ্ সরকার বলেন,‘ভূয়া মুক্তিযোদ্ধা ও রাজাকারদের মুক্তিযোদ্ধা হওয়ার জন্য ঘুষ আদান-প্রদান হচ্ছে। কিন্তু আমি কমিটির সভাপতি থাকলে অন্তত জামালগঞ্জে কোনভাবেই কোন অমুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার তালিকায় উঠবে না।’
ধর্মপাশা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্য অ্যাড. আলী আমজাদ বলেন,‘অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তারা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্য হবার আইনগত ভিত্তি নেই। তারাও সদস্য হয়েছে। ২০১৪ তে যারা মুক্তিযোদ্ধার তালিকায় নাম ওঠিয়েছে তাদের অনেকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এই ধরনের ব্যক্তিরাও এবার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটিতে সদস্য হয়েছে। এরা কীভাবে প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই করবে?
সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন,‘জামালগঞ্জের দুই মুক্তিযোদ্ধার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা মিলেছে। বিষয়টি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলকেও জানানো হয়েছে। ওখানে দুইজন সদস্য পরিবর্তনেরও সিদ্ধান্ত হয়েছে। যাচাই-বাছাই কমিটির কোন সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠলে দ্রুত কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’