স্টাফ রিপোর্টার
‘উন্নয়নের অক্সিজেন রাজস্ব, জনকল্যাণে রাজস্ব’ এই শ্লোগানকে সমানে রেখে জেলায় ৪ দিনব্যাপি আয়কর মেলা শুরু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১১ টায় শহরের একটি কমিউনিটি সেন্টারে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ্।
সিলেট কর অঞ্চলের আয়োজনে অনুষ্ঠিত ৪ দিন ব্যাপি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট
কর অঞ্চলের যুগ্ম কমিশনার মো. মাহবুবুল মোর্শেদ। প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ্। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার হারুন অর রশিদ, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খায়রুল হুদা চপল।
বক্তরা বলেন, ‘দেশে সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী জনসংখ্যার পরিমাণ প্রায় ১৬ কোটি। বেসরকারি হিসেবে এই সংখ্যা আরও বেশি। কিন্তু করদাতার সংখ্যা মাত্র ১৩ লাখ। অথচ. বড় ব্যবসায়ীর সংখ্যা এর চেয়ে অনেক বেশি। ব্যবসায়ীদের অনেকেই কর দেন না। এটি যে লজ্জাজনক তাও তারা বুঝতে পারে না। দেশের কথা জনকল্যাণের চিন্তা করেই সকলকে কর দিতে হবে’।
আলোচনা সভা শেষে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন ঘোষণা করা হয়। মেলায় আয়কর আইনজীবি সমিতি, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, জেলা সঞ্চয় ব্যুরো সহ ১৩ টি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেছে। মেলা চলবে ৭ নভেম্বর পর্যন্ত।