বিশেষ প্রতিনিধি
হাওরাঞ্চলে এক মাস পরেই বোরো আবাদের কাজ শুরু করতে হবে। কিন্তু হাওরের ফসলহারা ঋণগ্রস্ত ১ লাখ ৭৩ হাজার ৬৩১ জন কৃষকের জন্য কোন সুখবর নেই। তাদের বকেয়া ঋণের সুদ মওকুফের কোন নির্দেশনা-কিংবা পুরাতন ঋণ পরিশোধ না করে নতুন ঋণ নেওয়া যাবে কী-না, এ সংক্রান্ত কোন নির্দেশনা বাংলাদেশ ব্যাংক থেকে (বৃহস্পতিবার পর্যন্ত) দেওয়া হয়নি। এ অবস্থায় আগামী মৌসুমের বোরো চাষাবাদ করতে পারবেন কী-না, এই নিয়ে চিন্তিত হাওর পাড়ের কৃষকরা। কৃষকরা বলেছেন,‘গ্রামীণ মহাজনদের কাছ থেকে ঋণ নিয়ে দায়গ্রস্ত রয়েছেন অনেক কৃষক-ই, আবার মহাজনদের কাছে গেলে ঋণও হয়তো দেবে না, দিলেও চড়া সুদের এই ঋণে সামান্য যে জমিটুকু চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন, সেটুকুও হয়তোবা হাতছাড়া হয়ে যাবে।’
জেলার বিশ্বম্ভরপুর উপজেলার আঙ্গারুলি হাওর পাড়ের কৃষক মো. গিয়াস উদ্দিন বলেন,‘১০ হাজার টাকা কৃষিঋণ রয়েছে বকেয়া। গত বছর কিছু টাকা সুদে এনে (এক হাজার টাকায় দুই মণ দেবার শর্তে) ৩ একর জমি করে একগুটা ধানও পাইনি। ২ টা গরু ছিল, বিক্রি করে ঋণ দিয়েছি, এখনও কোনভাবে ঐ টাকা দিয়ে চলছি। এক মাস পরেই চাষাবাদ শুরু করতে হবে, চাষ করতে পারবো কী-না জানি না।’
একই উপজেলার করচার হাওর পাড়ের ফুলভরি গ্রামের কৃষক মো. শহীদ মিয়া বলেন,‘বাবা ১০ হাজার টাকা ব্যাংক ঋণ নিয়েছিলেন। এখন সুদে-আসলে দ্বিগুন হয়ে গেছে। গত মৌসুমে ৪ একর জমি করে ধানের শীষ-ই দেখা হয়নি। এবার বীজ, সার কোথায় পাবো, এখনই খাওয়ার ব্যবস্থা নেই, চাষাবাদ করি কীভাবে, পরের ধান মৌসুম পর্যন্ত বাঁচবো কীভাবে, এই চিন্তায় রয়েছি।’
এই দুজনই জানালেন, গ্রামীণ মহাজনদের কাছ থেকে ঋণ নিয়ে দায়গ্রস্ত রয়েছেন অনেক কৃষক-ই, আবার এসব মহাজনদের কাছে গেলে ঋণও হয়তো দেবে না। দিলেও চড়া সুদের এই ঋণে সামান্য যে জমিটুকু চাষাবাদ করে জীবন চলত, সেটুকুও হয়তোবা হাতছাড়া হয়ে যাবে।
বিশ্বম্ভরপুরের কেবল এই দুজন কৃষক-ই নয়। গত বোরো মৌসুমে জেলায় ক্ষতিগ্রস্ত ২ লাখ ৭৭ হাজার ১৮৮ জন
কৃষকের (সরকারী হিসাবে) একই অবস্থা। বিশেষ করে সুনামগঞ্জের ২০ টি আর্থিক প্রতিষ্ঠানের দেনাদার ১ লাখ ৭৩ হাজার ৬৩১ জন কৃষক বেশি দুশ্চিন্তায় কাটাচ্ছেন দিন।
সুনামগঞ্জের মঙ্গলকাটা কৃষি ব্যাংকের ব্যবস্থাপক সুনীল কুমার মল্লিক বলেন,‘ঋণ আদায় স্থগিতের নির্দেশনা আমরা পেয়েছি। সুদ মওকুফ বা পুরাতন ঋণ রেখে নতুন ঋণ দেবার কোন নির্দেশনা পাওয়া যায়নি।’
কৃষি ব্যাংকের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, সুনামগঞ্জের এক লাখ ৭৩ হাজার ৬৩১ জন কৃষকের কাছে ২০ টি আর্থিক প্রতিষ্ঠান ৩০২ কোটি ৩৮ লাখ ৫৭ হাজার টাকা কৃষি ঋণ প্রদান করেছে। ঋণ প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠানগুলো হচ্ছে- বাংলাদেশ কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, পূবালী ব্যাংক, ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, উত্তরা ব্যাংক, রূপালী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, ব্যাংক এশিয়া, কর্মসংস্থান ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক ও বিআরডিবি। এই আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি কৃষিঋণ প্রদান করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক। সুনামগঞ্জ জেলায় ব্যাংকটি ৯৬ হাজার ১৭৭ জন কৃষকের মধ্যে ২০১ কোটি ১৮ লাখ টাকা ঋণ প্রদান করেছে।
কৃষি ব্যাংকের সুনামগঞ্জ আঞ্চলিক শাখার উপ-মহাব্যবস্থাপক অজয় কুমার সাহা বলেন,‘কৃষকদের ঋণ আদায় স্থগিত রাখার নির্দেশনা পেয়েছি আমরা। কিন্তু ঋণের সুদ মওকুফ বা পুরাতন ঋণ রেখে নতুন ঋণ প্রদানের কোন নির্দেশনা এখনো (বৃহস্পতিবার পর্যন্ত) পাওয়া যায়নি। যেহেতু অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে বোরো আবাদের কার্যক্রম শুরু হয় সেহেতু আমাদের প্রত্যাশা এর মধ্যেই হয়তোবা কৃষকদের জন্য নতুন কোন ঋণ নির্দেশনা আসতে পারে।’