- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলায় তৃতীয় দফায় বন্যা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে তৃতীয় দফায় আবারও বন্যা দেখা দিয়েছে। বিকাল ৩ টায় সুনামগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীর পানি বিপদ সীমার ৩২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। নদীর পানি কূল উপচে শহরের নবীনগর, ষোলঘর, কাজীরপয়েন্ট উত্তর আরপিননগর এলাকায় প্রবেশ করছে। জেলার ছাতক শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানিয়েছেন, আগামী তিন দিন অর্থাৎ ৭২ ঘণ্টায় সুনামগঞ্জে ৩৫০ থেকে ৪০০ মিলিমিটার বৃষ্টি হবে। অন্যদিকে সুনামগঞ্জের উজানে ভারতের আসাম চেরাপুঞ্জিতে ৪০০ থেকে ৪৫০ মিলিমিটার বৃষ্টিপাত হবে। সুনামগঞ্জ পাউবো’র নির্বাহী প্রকৌশলী সবিবুর রহমান জানান, মঙ্গলবার বিকাল ৩ টায় সুনামগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীর পানি আবার বিপদ সীমার ৩২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। গত ২৪ ঘণ্টায় ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর ও ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগামী ৭২ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং ভারতের মেঘালয়ে ভারী বৃষ্টিপাত হবে। এ কারণে সুনামগঞ্জের নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাবে। গত ৪৮ ঘণ্টায় চেরাপুঞ্জিতে ৭১৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
সুনামগঞ্জে ভারী বর্ষণ এবং উজানের অর্থাৎ ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাতের কারণে গত ২৮ জুন প্রথম দফা বন্যা হয়। দ্বিতীয় দফায় একই কারণে বন্যা হয় ১০ জুলাই। দুই দফা বন্যায় লাখো পরিবার ক্ষতিগ্রস্ত হন।

  • [১]