- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলায় নিস্ক্রিয় নয় জামায়াত- নানা কৌশলে সক্রিয় রয়েছে বিতর্কিত এই দল

বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জে নিস্ক্রিয় নয় বিতর্কিত রাজনৈতিক দল জামায়াতের কর্মীরা। যেখানে যেভাবে পারে দলকে চাঙা রাখার জন্য নানা কৌশলে কাজ করছে তারা। এই মুহূর্তে কেন্দ্রীয় নির্দেশে যেখানে সম্ভব বাড়ি বাড়ি গিয়ে অথবা গ্রামের মসজিদে মসজিদে মুসুল্লিদের কাছে, এও না পারা গেলে শিশুদের ক্বেরাত প্রশিক্ষণের সময় লিফলেট বিতরণ করছে দলটির কর্মীরা। ১১ রমজান থেকে ঘটা করে শাখায় শাখায় ইফতারির আয়োজন করারও নির্দেশ রয়েছে দলীয় হাই কমা-ের।
অনুসন্ধানে জানা গেছে, জামায়াতের কেন্দ্রীয় নির্দেশে পহেলা রমজান থেকে জেলার জামালগঞ্জ উপজেলার নোয়াগাঁও, সুখদেবপুর, শাহ্পুর, চাঁনবাড়ি ও কামলাবাজ, তাহিরপুর উপজেলার চিকসা, আনোয়ারপুর, লোহাজোড়া, লাউড়েরগড় ও বড়দল, দিরাই উপজেলার শ্যামারচর, আনোয়ারপুর, ভাটিপাড়া, পৌর শহরের হোসেনিয়া মাদ্রাসা এলাকা, ধর্মপাশা উপজেলার হলিদাকান্দা, লংকাপাথারিয়া, মহদিপুর, দেওলা মহদিপুর, জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কিছু এলাকা, পাটলী, কাতিয়া, চিলাউড়া ও সৈয়দপুরের কিছু এলাকায়, ছাতক উপজেলার কালারুখা, গোবিন্দগঞ্জ, চরমহল্লার খরিদিচর ও ইসলামপুর ইউনিয়নের কিছু এলাকায়, শাল্লা উপজেলার উজানগাঁও, দৌলতপুর ও নিজগাঁও, দোয়ারাবাজার উপজেলার বড়ইউড়ি, পা-ারগাঁও, মঙ্গলপুর ও নরসিংপুর, সুনামগঞ্জ শহরতলির মাইজবাড়ী, শহরের উত্তর আরপিননগর এবং ষোলঘর, সুরমার উত্তরপাড়ের কিছু এলাকায়ও জামায়াতের কর্মীরা দলের নির্দেশে লিফলেট বিতরণ করেছে। তাদের বিতরণ করা একাধিক লিফলেটের মধ্যে ‘হত্যা করে ইসলামী আন্দোলনকে স্তব্ধ করা যাবে না’ ‘শেষ বিদায়ের সাক্ষাতে শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ যা বলে গেলেন..’ শীর্ষক দুটি প্রকাশনাই  বেশি বিতরণ করা হয়েছে। ১১ রমজান থেকে জামায়াতের কেন্দ্রীয় নির্দেশে সব কয়টি শাখায় ইফতার মাহ্ফিল এবার অন্যান্য বছরের চেয়ে বড় আয়োজনে করারও নির্দেশ রয়েছে।
জেলা জামায়াতের আমীর মাওলানা তোফোয়েল আহমদ ও সেক্রেটারী মমতাজুল হাসান আবেদের মুঠোফোনে এ বিষয়ে জানার জন্য ফোন করলেও তারা দুজনেই ফোন রিসিভ না করায় কথা বলা যায়নি।
দলের দায়িত্বশীল একজন নেতা এ প্রতিবেদককে বলেন, ‘আমার বক্তব্য দেবার দায়িত্ব নয়, সুতরাং আমার নাম ছাপা যাবে না। পহেলা রমজান থেকে ১০ রমজান পর্যন্ত দলীয় নির্দেশে লিফলেট বিতরণ কর্মসূচি চলছে, ১১ রমজান থেকে শাখায় শাখায় এবার বড় আয়োজনে ইফতার পার্টি আয়োজনের নির্দেশনা রয়েছে’।
রোববার ছাতকের খরিদিচর গ্রামের বাসিন্দা শিক্ষক ফরিদ উদ্দিন পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করে বলেছেন, তাঁর গ্রামে সরকার বিরোধী প্রচারপত্র বিলি করছে জামায়াত। এর আগে ছাতক থানায়ও তিনি এই বিষয়ে অভিযোগ করেছেন।
পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন, খরিদিচরের এমন অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। থানার ওসিকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।   

  • [১]