স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি শীর্ষক সভায় জেলা নির্বাচন অফিসের বিরুদ্ধে চাঁদা চাওয়ার অভিযোগ তুলেছেন চেয়ারম্যান প্রার্থী চঞ্চলা দাস। মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় চঞ্চলা দাস বলেন, ‘মনোনয়ন দাখিলের দিন নির্বাচন অফিস থেকে দুই দফায় তার কাছে চাঁদা চাওয়া হয়েছে। অভিযোগ করে তিনি বলেন, ‘মনোনয়ন দাখিলের সময় হলফনামা পূরণকালে নির্বাচন অফিস থেকে তাঁর কাছে ৫০ হাজার টাকা দাবি করা হয়। মনোনয়নপত্রে ভূল হলে পুণরায় জামানত হিসেবে
৮১ হাজার টাকা দাবি করে নির্বাচন অফিস।’
সভায় উপস্থিত জেলা নির্বাচন অফিসার সাদেকুল ইসলাম চঞ্চলা দাসের অভিযোগ মিথ্যা দাবি করলে চঞ্চলা দাস তাৎক্ষণিক তাঁর অভিযোগের প্রমাণ হিসাবে নির্বাচন অফিসের কিছু ভিডিও ও ছবি সভায় উপস্থিত রির্টানিং অফিসার জেলা প্রশাসককে দেখান। এসময় জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বিষয়টির তদন্তের জন্য নির্বাচন অফিসারকে নির্দেশ দেন।
সভায় রির্টানিং অফিসার জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, ‘চঞ্চলা দাসের অভিযোগটি মারাত্মক। অভিযোগের তদন্ত করতে হবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলেও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
তবে জেলা নির্বাচন অফিসার সাদেকুল ইসলাম বলেন, ‘চঞ্চলা দাসের এমন অভিযোগ অযৌক্তিক। ফরম পূরণের জন্যে এত টাকা দাবি করা ভিত্তিহীন। নির্বাচন অফিসের কেউ এমন কাজ করতে পারে না।’