স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ শহরে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নিয়েছে সুনামগঞ্জ জেলা পরিষদ। ৩৫ লাখ টাকা ব্যয়ে আধুনিক ডিজাইনে দৃষ্টিনন্দন একটি শহীদ মিনার নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে জেলা পরিষদ। দরপত্রের মাধ্যমে ১৫০ দিনের মধ্যে এই শহীদ মিনার নির্মাণের লক্ষ্যে ইতোমধ্যে দরপত্র আহবান করা হয়েছে। তবে কোথায় এই শহীদ মিনার নির্মাণ করা হয়ে তার জায়গা নির্ধারণ করা হয়নি বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলা পরিষদের প্রকৌশল শাখা থেকে দরপত্র আহবানের কাজ শেষ হয়েছে। সোমবার লটারীর মাধ্যমে শহীদ মিনার নির্মাণের কাজ পেয়েছেন শহরের হাজীপাড়ার ঠিকাদার মাসুক মিয়া।
জেলা পরিষদের সহকারি প্রকৌশলী প্রনব রায় বলেন,‘ আমরা সুনামগঞ্জ জেলা কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করতে চাই। তাই শহীদ মিনার নির্মাণের লক্ষ্যে কাজ এগিয়ে রেখেছি। শহীদ মিনারের স্থান এখনও চূড়ান্ত হয়নি। স্থান বাছাই হওয়ার পর পরই আমরা নির্মাণ কাজ শুরু করব।’
তবে পুরাতন শহীদ মিনারের জায়গায় এটা নির্মাণ করা সম্ভব নয় বলে দাবি করে তিনি বলেন,‘ নতুন কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করার জন্য যেভাবে ডিজাইন করা হয়েছে সেই ডিজাইন অনুযায়ী তা পুরাতন শহীদ মিনারের স্থলে করা সম্ভব নয়। ’