স্টাফ রিপোর্টার
জামালগঞ্জ সদর ইউনিয়নকে ভেঙ্গে নব গঠিত জামালগঞ্জ সদর ও জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে জটিলতা সহসাই কাটছে না। জেলা পরিষদ নির্বাচনের আগে এই দুই ইউনিয়ন পরিষদের নির্বাচন না হওয়ার সম্ভবনা দেখা দিয়েছে। পৃথক দুই ইউনিয়নের
হালনাগাদ ভোটার তালিকার কাজ সম্পন্ন না হওয়ায় এই দুই ইউনিয়ন পরিষদের নির্বাচন প্রক্রিয়া বেশ দূরে রয়েছে বলে জানা গেছে।
রবিবার জেলা উন্নয়ন ও সমন্বয় সভায় ওই দুই ইউনিয়নের ভোটার তালিকার কাজ শেষ হয়নি বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিসারের দায়িত্বপ্রাপ্ত বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাচন অফিসার। সভায় জামালগঞ্জের দুই ইউনিয়ন পরিষদের নির্বাচনের সর্বশেষ অবস্থা নিয়ে তিনি জানান, ভোটার তালিকার কাজ শেষ হওয়ার পরই তফসিল ঘোষণা হবে।
সভায় উপস্থিত জেলা স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান বলেন, ‘জামালগঞ্জ উপজেলার সদর ও উত্তর এই দুই ইউনিয়ন পরিষদের নির্বাচন জেলা পরিষদ নির্বাচনে আগে হবে না। কারণ জেলা নির্বাচন অফিসারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেলা উন্নয়ন ও সমন্বয় সভায় জানিয়েছেন দুই ইউনিয়নের হালনাগাদ ভোটার তালিকার কাজ সম্পন্ন হয়নি। ভোটার তালিকার কাজ শেষ হওয়ার পর তফসিল ঘোষণা হবে। তাই জেলা পরিষদের আগে ওই দুই ইউনিয়ন পরিষদের নির্বাচন না হওয়ার সম্ভবনাই বেশি।’