- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলা পরিষদের সদস্য পদে উপনির্বাচনে সৈয়দ দুলাল বিজয়ী

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত জেলা পরিষদের ১১ নং ওয়ার্ডের উপ নির্বাচনে বিজয়ী হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ দুলাল। তিনি ৬৭ ভোট পেয়ে তালা প্রতীকে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এম সমছু মিয়া (টিউবওয়েল) প্রতীকে ২২ ভোট পান।
জেলা পরিষদ ও উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, জেলা পরিষদের ১১ নং ওয়ার্ড সদস্য সৈয়দ সাব্বির আহমেদ গত বছরের ১৯ ডিসেম্বর করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে আসনটি শূন্য হয়। পরে ঘোষিত তফসিল অনুযায়ী একাধিকবার লকডাউনের কারণে নির্বাচন স্থগিত হয়। সর্বশেষ ঘোষণা অনুযায়ী মঙ্গলবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী তিনজন প্রার্থীর মধ্যে জাহাঙ্গীর হোসেন কুরেশী মনোনয়ন দাখিল করে ঘুড়ি প্রতীক পাওয়ার পর নির্বাচন থেকে সরে যুক্তরাজ্যে চলে যান। পরে সৈয়দ দুলাল তালা প্রতীকে এবং এম সমছু মিয়া সুজন (টিউবওয়েল) প্রতীকে ভোটযুদ্ধে অবতীর্ণ হন। নির্বাচনে উপজেলার রানীগঞ্জ, চিলাউড়া হলদিপুর, সৈয়দপুর শাহারপাড়া, পাটলী, মীরপুর,আশারকান্দি ও পাইলগাঁও ইউনিয়ন পরিষদের ৯২ জন জনপ্রতিনিধি ভোটার হিসেবে ভোটাধিকার প্রয়োগ করার কথা থাকলেও ৯০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহণের মাধ্যমে উপজেলার সৈয়দপুর আলিয়া মাদ্রাসা কেন্দ্রে সৈয়দ দুলাল নির্বাচিত হন। একটি ভোট বাতিল ও দুজন ভোটার অনুপস্থিত ছিলেন। ২০১৭ সালে জনপ্রতিনিধিদের ভোটে প্রথমবারের মতো জেলা পরিষদের ওয়ার্ড ভিত্তিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

  • [১]