- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলা পরিষদ নির্বাচন নিয়ে নেতিবাচক প্রপঞ্চের দ্রুত অবসান ঘটুক

গতকালকের দৈনিক সুনামগঞ্জের খবরে সদ্য সমাপ্ত জেলা পরিষদ নির্বাচনে শূন্য ভোট পাওয়া ১২ সদস্য প্রার্থীকে ভোট না দেওয়া তাঁদের প্রস্তাবক সমর্থকদের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রস্তাবক-সমর্থকদেরকে তাদের  প্রস্তাবিত সমর্থিত প্রার্থীকেই ভোট দিতে হবে এমন বাধ্যবাধকতা কিংবা দিব্যি না দিলেও নৈতিকভাবে প্রত্যাশিত থাকে যে ভোটটি তাদের প্রস্তাবিত সমর্থিত প্রার্থীকেই দিবেন। বিষয়টি দেশের প্রথম জেলা পরিষদ নির্বাচনের একটি অন্যতম দুর্বলতা হিসেবে ভবিষ্যতে চিহ্নিত হবে। এই বিষয়টি ছাড়াও গণমাধ্যমে নির্বাচন পরবর্তী কিছু নেতিবাচক সংবাদ প্রকাশ হতেও দেখা যায়। নির্বাচনে ভোট দেয়ার জন্য টাকা নিয়ে ভোট না দেবার জন্য পরাজিত প্রার্থীরা টাকা নেয়া ভোটারদের  উপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে টাকা ফেরত চেয়েছেন বলে জানা যায়। টাকা না দেয়া, ভোট না দেয়া এবং চাপ প্রয়োগের কারণে দোয়ারাবাজারে পরাজিত প্রার্থীর সমর্থক ও ভোটারদের মধ্যে বাদানুবাদ, মোবাইল ফোনে হুমকি ও থানায় জিডি করার ঘটনা ঘটেছে। অন্য জায়গায় শালিশ বৈঠক হওয়ার খবরও পাওয়া গেছে। যেসব প্রত্যাশা নিয়ে জেলা পরিষদ নির্বাচন আয়োজন করা হয়েছিলো এই ঘটনাগুলো নিশ্চিতভাবেই সেখানে হতাশা তৈরি করেছে। এই নির্বাচনের প্রধান বৈশিষ্ট্য ছিলো স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরাই এখানে ভোটার ছিলেন। জনপ্রতিনিধিরা প্রস্তাব সমর্থন করে ভোট দিবেন না আবার ভোট দেয়ার জন্য টাকা নিবেন এমনটি চিন্তা করাও দুর্ভাগ্যজনক। কিন্তু বাস্তবতা এতোই নির্মম ও দুঃখজনক যে অনুরুপ চিত্র সকলকে দেখতে হয়েছে। যারা শূন্য ভোট পেয়েছেন তাঁদেরকে নিজেদের গ্রহণযোগ্যতার বিষয়টি আরও ভালভাবে পরীক্ষা-নীরিক্ষা করা প্রয়োজন ছিল বলেও সকলের কাছে স্পষ্ট হয়েছে।
আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানো কিংবা ক্ষমতায়ণের যে আকাক্সক্ষা ব্যক্ত করি সেখানে এই ধরনের কর্মকা- বেমানান। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো হবে সর্বৈবভাবে স্বচ্ছ, নীতিবান ও জবাবদিহিতামূলক। এইসব প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের কর্ণধাররা সমাজে গণতান্ত্রিক রীতি-নীতির উদাহরণ তৈরি করে নিজেদেরকে রোল-মডেলে পরিণত করবেন, এইটি হলো সাধারণভাবে সকলের চাহিদা। এতে প্রতিষ্ঠানগুলোর সামাজিক গ্রহণযোগ্যতা বাড়ার পাশাপাশি সক্ষমতা বৃদ্ধি পেতো বহুলাংশে। কিন্তু জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা যদি পদস্খলন ঘটান তাহলে নির্বাচকম-লী তথা সাধারণ মানুষ খুব বেশি আঘাতপ্রাপ্ত হয়। এই বিষয়টি অনুধাবনে না আসা পর্যন্ত জনপ্রতিনিধিত্বের গণমুখী চেহারা উদ্ভাসিত হবে না।
সবেমাত্র জেলা পরিষদ নির্বাচনটি শেষ হলো। নির্বাচিতরা শীঘ্রই দায়িত্বভার গ্রহণ করবেন। স্থানীয় সরকারের এই শক্তিশালী স্থরটি নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনস্বার্থে কী ভূমিকা রাখে সেদিকে রয়েছে সকলের দৃষ্টি। যারা নির্বাচিত হয়েছেন তাঁরা সব বিবেচনায় যোগ্য বলেই ভোটারদের আস্থা অর্জন করেছেন। সুতরাং তাঁদের মাধ্যমে জেলা পরিষদগুলো একটি শক্তিশালী ও কার্যকর স্থানীয় সরকার প্রতিষ্ঠানে পরিণত হবে বলে আমরা আস্থা রাখতে চাই। একই সাথে তাঁদেরকে আরেকটি দায়িত্ব পালন করতে হবে। সেটি হলো নির্বাচনকে ঘিরে যেসব নেতিবাচক সংবাদাদি প্রকাশের মাধ্যমে জনমনে কিছু প্রশ্ন উত্থাপিত হয়েছে সেগুলোর অবসান ঘটানো। অর্থাৎ নেতৃত্বের গুণ দিয়ে তাঁরা জেলা পরিষদসহ অপরাপর স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকেও ইতিবাচক ধারায় ফিরিয়ে আনলেই সকলে আনন্দিত হবেন। আইনি কাঠামোয় জেলা পরিষদের ক্ষমতায়ন যেমন আরও দরকার তেমনি এর কার্যপরিধির বিস্তৃতিও আমাদের কাম্য। এজন্য জেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধিদেরকে দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ণ হতে হবে। নিজেদের অপরিহার্যতার প্রমাণ দিতে হবে তাঁদেরকে। তাহলেই একটা সময়ে সরকার স্থানীয় উন্নয়নের কেন্দ্রবিন্দু হিসেবে জেলা পরিষদকে মেনে নিতে সরকার বাধ্য হবেন। আমরা জেলা পরিষদের এই মহিমান্বিত অবস্থান প্রত্যক্ষ করার আশাবাদ থেকেই যাবতীয় নেতিবাচক অনুষঙ্গের চির অবসান কামনা করি।

  • [১]