- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলা প্রশাসকের অন্যরকম উদ্যোগ- একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীর রেজিস্ট্রেশন ফি দিবেন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের সকল একাদশ ও সমমান শ্রেণির ছাত্র-ছাত্রীকে ৩০০ করে টাকা প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। জেলার সকল কলেজ-মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত সকল শিক্ষার্থীর রেজিস্ট্রেশন ফি ২০০ টাকা ও শিক্ষা উপকরণ বাবদ ১০০ টাকা মোট ৩০০ টাকা দেয়া হবে জেলা প্রশাসনের তহবিল থেকে।
জেলা প্রশাসকের পক্ষ থেকে সকল কলেজ-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেক
 শিক্ষার্থীর জন্য ৩০০ টাকা করে পাঠানো হবে। এই বছর সুনামগঞ্জের ১৯ হাজার শিক্ষার্থী এসএসসি উত্তীর্ণ হয়ে কলেজে ভর্তি হয়েছে। যেসব শিক্ষার্থী কলেজে ভর্তি হয়েছে জেলা প্রশাসক প্রাথমিকভাবে তাদের সবাইকেই ৩০০ টাকা করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
মঙ্গলবার বিকালে ‘সুনামগঞ্জ জেলায় ২০১৭ সালে উচ্চ মাধ্যমিক পর্যায়ের ভর্তি কার্যক্রম এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে করণীয়’ বিষয়ক এক বিশেষ জরুরী মতবিনিময় সভায় এ ঘোষণা দেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। জেলা প্রশাসনের শিক্ষা ও কল্যাণ শাখার আয়োজনে বিকালে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক মো সাবিরুল ইসলাম সকল শিক্ষার্থীদের ভর্তির আত্ততায় আনা এবং ঝড়ে পড়া রোধে উচ্চ মাধ্যমিক ভর্তিতে প্রতি শিক্ষার্থীকে জেলা প্রশাসনের উদ্যেগে রেজিস্ট্রেশন ফি বাবদ ২০০ টাকা ও শিক্ষা উপকরণ ক্রয় বাবদ ১০০ টাকা হারে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে প্রদানের ঘোষণা দেন। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সকলের সর্বাত্বক সহযোগিতার আহবান জানান। সভায় জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সমৃদ্ধ বিজ্ঞানাগার, লাইব্রেরী ও ই-লাইব্রেরী প্রতিষ্ঠায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য প্রতিষ্ঠান প্রধানদের অনুরোধ জানানো হয় এবং এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ হতে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেন,‘ সুনামগঞ্জের বোরো ফসলহানির পর এই এলাকার সাধারণ মানুষ অন্য রকম একটা পরিস্থিতি অতিক্রম করছে। তাই এসএসসি উত্তীর্ণ এইচএসসিতে ভর্তিকৃত সকল শিক্ষার্থীর বোর্ডের রেজিস্ট্রেশন ফি বাবদ ২০০ ও শিক্ষা উপকরণ বাবদ আরো ১০০ টাকাসহ মোট ৩০০ টাকা প্রদান করা হবে। জেলার সকল কলেজ-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী অনুপাতে সম পরিমাণ টাকা পাঠিয়ে দেয়া হবে।’
জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আইনুর আক্তার পান্না, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান বকুল, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খানসহ জেলার উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৮১ টি (কলেজ, মাদ্রাসা ও কারিগরি) শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, সভাপতি ও তাঁদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয় যে, ২০১৭ সালে জেলায় এসএসসি, এসএসসি (ভোকেশনাল), এবং দাখিল, দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় মোট ১৯,৩২৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। যার মধ্যে ৩ জুলাই পর্যন্ত ১৩,৩০৩ জন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পর্যায়ে ভর্তি হয়েছে।
এছাড়া সভায় জেলায় শিক্ষার মানোন্নয়ন ও সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সভায় উপস্থিত সকলের উন্মুক্ত আলোচনায় উঠে আসা সমস্যাগুলো সম্মিলিতভাবে দ্রুত সমাধানের জন্য আহবান জানানো হয়।  

  • [১]