স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক কাপ টি-২০ স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আজ। চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে আলহাজ্ব জমিরুন নুর উচ্চ বিদ্যালয় এবং জামালগঞ্জ উপজেলা স্কুল ক্রিকেট টিম। আজ বৃহস্পতিবার দুপুর ১টায় সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা। খেলা শেষে বিকাল ৪টায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।
আলহাজ্ব জমিরুন নুর উচ্চ বিদ্যালয় গ্রুপ পর্বে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়কে ৪ উইকেটে, কোয়ার্টার ফাইনালে দোয়ারাবাজার উপজেলাকে ৫ উইকেটে, সেমিফাইনালে বিশ্বম্ভরপুর উপজেলা স্কুল ক্রিকেট দলকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে। অপরদিকে জামালগঞ্জ উপজেলা স্কুল ক্রিকেট টিম গ্রুপ পর্বে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্কুল ক্রিকেট টিমকে ৫ উইকেটে, কোয়ার্টার ফাইনালে তাহিরপুর উপজেলাকে ৬ উইকেটে এবং সেমিফাইনালে আলহেরা মাদ্রাসাকে ১ উইকেটে পরাজিত করে ফাইনালে উঠে।
টুর্নামেন্টে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব জমিরুন নূর উচ্চ বিদ্যালয়, জগন্নাথপুর উপজেলা স্কুল ক্রিকেট টিম, আলহেরা মাদ্রাসা, দিরাই উপজেলা স্কুল ক্রিকেট টিম, দ্বীনি সিনিয়র মাদ্রাসা, তাহিরপুর উপজেলা স্কুল ক্রিকেট টিম, বুলচান্দ উচ্চ বিদ্যালয়, ছাতক উপজেলা স্কুল ক্রিকেট টিম, এইচএমপি উচ্চ বিদ্যালয়, ধর্মপাশা উপজেলা স্কুল ক্রিকেট টিম, দোয়ারাবাজার উপজেলা স্কুল ক্রিকেট টিম, বিশ্বম্ভরপুর উপজেলা স্কুল ক্রিকেট টিম, শাল্লা উপজেলা স্কুল ক্রিকেট টিম, জামালগঞ্জ উপজেলা স্কুল ক্রিকেট টিম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্কুল ক্রিকেট টিম অংশগ্রহণ করে।
উল্লেখ্য, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এ- ইন্ড্রাস্ট্রির সহযোগিতায় জেলা প্রশাসক কাপ টি-২০ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।