স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক কাপ টি-২০ স্কুল ক্রিকেট টুর্নামেন্টের পৃথক ম্যাচে জয় লাভ করেছে দিরাই উপজেলা স্কুল ক্রিকেট টিম ও জগন্নাথপুর উপজেলা স্কুল ক্রিকেট টিম।
সকাল ৯টায় দিনের প্রথম ম্যাচে জেলা প্রশাসক কাপ টি-২০ স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ৩য় কোয়ার্টার ফাইনালে দিরাই উপজেলা স্কুল ক্রিকেট টিম জামালগঞ্জ উপজেলা স্কুল ক্রিকেট টিমকে ১০৪ রানে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়েছে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দিরাই উপজেলা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে শিশির ২৮ ও আকমল ২৭ রান করেন। জামালগঞ্জ উপজেলার আনাস ও রামিম উভয়েই ২ টি করে উইকেট লাভ করেছেন। ১৪০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে জামালগঞ্জ উপজেলা স্কুল ক্রিকেট টিম ১২.১ ওভারে মাত্র ৩৬ রানে অল আউট হয়ে যায়। দুই অংকের ঘর স্পর্শ করতে পারেন নি কেউ। দলের হয়ে সর্বোচ্চ ৬ রান করেন ইমরান। ৮ উইকেট পেয়েছেন দিরাই উপজেলার আবু সুফিয়ান। ম্যান অব দি ম্যাচ ও নির্বাচিত হয়েছেন তিনি।
এদিকে দুপুর ১টায় ৪র্থ কোয়ার্টার ফাইনালে আলহেরা মাদ্রাসাকে ১০৩ রানে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়েছে জগন্নাথপুর উপজেলা স্কুল ক্রিকেট টিম। অসাধারণ বোলিং পারফরমেন্সের জন্য ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন জগন্নাথপুর উপজেলার আকিক নুর।
আজ রবিবার বেলা ১১ টায় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ও তাহিরপুর উপজেলা স্কুল ক্রিকেট টিম ১ম সেমিফাইনালে এবং আগামীকাল সোমবার বেলা ১১ টায় দিরাই ও জগন্নাথপুর উপজেলা স্কুল ক্রিকেট টিম ২য় সেমিফাইনালে পরস্পরের মুখোমুখি হবে।