- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলা প্রশাসনের তদন্ত রিপোর্টে হাওর দুর্নীতির মূল সত্য উঠে আসুক

এবার ভয়াবহ ফসল হানির প্রেক্ষাপটে বাঁধ নির্মাণ/সংস্কারে অনিয়ম-দুর্নীতি উদঘাটন তথা হাওর ডুবির প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য জেলা প্রশাসন যে তদন্ত কমিটি গঠন করেছিলেন সেই কমিটি ঈদের পর প্রতিবেদন দাখিল করবেন বলে জানিয়েছেন। যদিও গত ১৩ জুন এই প্রতিবেদন দাখিল করার কথা ছিল কিন্তু একটি পূর্ণাঙ্গ প্রতিবেদনের জন্য আরও কিছুটা সময় দরকার বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)। ঈদের পরে হোক এই কমিটি একটি ভাল তদন্ত প্রতিবেদন দাখিল করবেন বলে আশাবাদী সুনামগঞ্জবাসী। গত বছরে ব্যাপক ফসলহানির কারণেও অনুরূপ একটি তদন্ত কমিটি গঠন করেছিল জেলা প্রশাসন। কিন্তু ব্যাপক গণদাবি থাকা সত্বেও ওই কমিটির কোন রিপোর্টের মুখ দেখতে পারে নি কেউ। ফলত গত বছরের অনিয়ম-দুর্নীতির বিষয়টি প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করা যায় নি। এবার মৌসুমের শুরু থেকেই বাঁধ নির্মাণ ও সংস্কার বিষয়ে গণমাধ্যম ব্যাপক নজরদারি রক্ষা করে আসছিল এ কারণে যে এই জেলার জীবন ও জীবিকার প্রধান অবলম্বন এই একটি মাত্র বোরো ফসল। সংবাদকর্মীরাও প্রত্যক্ষ-পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল এবং তাদের একটি বড় অংশ কৃষি পরিবার থেকে আগত। সুতরাং চোখের সামনে এমন অনিয়ম-দুর্নীতি ঘটতে দেখে সাংবাদিক সমাজ চুপ থাকতে পারেন নি। তারা সোচ্চার হয়েছেন। কিন্তু সোচ্চার হওয়া সত্বেও সময়মত কুম্ভকর্ণের ঘুম তারা ভাঙ্গাতে পারেন নি। কোন ঠিকাদার বা পিআইসি কৃষকের সারা বছরের স্বপ্ন বোরো ধানকে অকাল বন্যা থেকে বাঁচাতে বাঁধ নির্মাণে সামান্যতম তৎপরতা চালান নি। তারা তক্কে তক্কে ছিলেন মৌসুম পার করে বরাদ্দের পুরো টাকা লুটপাট করার জন্য। কিন্তু সর্বনাশা প্লাবন স্মরণকালের ভয়াবহ ধ্বংসলীলা চালানোয় এবার কাঁচা ধানই জমিতে শতভাগ (প্রায়) তলিয়ে যায়। ব্যাপক গণবিক্ষোভের মুখে পড়ে ঠিকাদার, পিআইসি ও পাউবো। বিষয়টি জাতীয় দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়। মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী দুর্গত এলাকা পরিদর্শন করায় দুর্নীতিবাজরা পরিকল্পনা মোতাবেক বরাদ্দের টাকা তুলে আত্মসাৎ করতে ব্যর্থ হয়। বরং এবার তাদেরকে দুদক, মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের তদন্ত কমিটির মুখোমুখি হতে বাধ্য করা হয়।  কৃষকদের শতভাগ ধান তো গেছে। দুর্নীতিবাজরা যদি ন্যুনতম শাস্তি পান তাহলে সর্বহারা কৃষকরা কিছুটা হলেও সান্তনা পেতেন বৈকি। এখন যদি তদন্ত কমিটি চিরাচরিত দীর্ঘসূত্রিতা আর লাল ফিতার বৈশিষ্টে চলতে থাকে তাহলে আখেরে এ থেকে ভাল কিছু অর্জন সম্ভব হবে না। তদন্ত প্রতিবেদনে ফসলডুবির প্রকৃত কারণ উদঘাটনসহ অনিয়ম দুর্নীতির সাথে জড়িতদের খতিয়ান প্রকাশিত হলে ভবিষ্যতে সাবধানতা অবলম্বনের একটি উপায় খুঁজে পাওয়া যেত। আর ঠিক এ কারণেই সর্বস্তরের মানুষ হাওর দুর্নীতির প্রেক্ষিত গঠিত সবগুলো তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন ও প্রতিবেদনের উপর কার্যকরী ব্যবস্থা গ্রহণের চিত্র দেখতে চান।
হাওরের ফসল রক্ষার জন্য যে বাঁধ নির্মাণ ও সংস্কার করা হয় তার তদারকির দায়িত্ব জেলা প্রশাসকের উপর ন্যস্ত। উপজেলায় এই দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার। সময়মতো তদারক কমিটিকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে আমরা দেখিনি। নাকে দম আসার পর অর্থাৎ যখন হাওরগুলো প্লাবনের ঢলে আক্রান্ত তখন তাঁদের কিছু তৎপরতা ছিলো বটে কিন্তু তখন আর কিছু করার ছিল না অসহায় হয়ে ফসল ডুবির দৃশ্য দেখা ছাড়া। তদারক কমিটির কর্ণধার হিসেবে বিশালভাবে কথিত হাওর দুর্নীতির মূল সত্য উদঘাটনের দায়িত্ব পালন করে জেলা প্রশাসন একটি দৃষ্টান্ত স্থাপন করবেন এই আমাদের আশাবাদ।

  • [১]