স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের পূর্বের এডহক কমিটি বহাল রেখেছেন উচ্চ আদালত। একই সাথে আদালত পূর্বের এডহক কমিটির কোন কাজে হস্তক্ষেপ না করতে ৬ মাসের স্থগিতাদেশ প্রদান করেছেন।
উচ্চ আদালত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চেয়ারম্যান, সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ ও সুনামগঞ্জের জেলা প্রশাসককে এই আদেশ প্রদান করেছেন।
গত সোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জেড রহমান চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ ইকবাল কবিরের দ্বৈত বেঞ্চ এই নির্দেশনা জারি করেন।
সুনামগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের এডহক কমিটির আহবায়ক মো. জাকির হাসানের করা রিট পিটিশনের প্রেক্ষিতে আদালত নির্দেশনাক্রমে এই রুল জারি করেন।
আদালত রুল জারিপূর্বক নির্দেশ প্রদান করেছেন এডহক কমিটির কোন কাজে আগামী ২০১৮ সালের ৭ এপ্রিল পর্যন্ত কোন ধরনের হস্তক্ষেপ করা যাবে না।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেন, ‘উচ্চ আদালতের একজন আইনজীবী ফোনে জানিয়েছেন সুনামগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের পূর্বের এডহক কমিটি বহাল রেখেছেন। তবে আদালতের এই নির্দেশনার কোন কাগজপত্র পাইনি।’