- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলা বিএনপি’র ইফতার মাহ্ফিল- একযুগ পর একমঞ্চে আছপিয়া-জাকেরীন

বিশেষ প্রতিনিধি
প্রায় এক যুগ পর এক মঞ্চে বসলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক হুইপ ফজলুল হক আছপিয়া ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন। শুক্রবার শহরের প্রিয়াঙ্গন কমিউনিটি সেন্টারের সামনে জেলা বিএনপি’র ইফতার মাহ্ফিলে অন্যান্য নেতাদের সঙ্গে এই দুই নেতা একমঞ্চে বসেন।
২০০৪ সালে জেলা বিএনপি’র কমিটি গঠন নিয়ে ফজলুল হক আছপিয়া ও নজির হোসেনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। ২০০৮ সালে ওয়ান ইলেভেনের সময় সংস্কারপন্থিদের পক্ষে অবস্থান নেওয়ায় সভাপতি পদ থেকে বাদ পড়েন নজির হোসেন। এরপর সভাপতি ও সাধারণ সম্পাদক হন ফজলুল হক আছপিয়া ও কলিম উদ্দিন মিলন। এই দুই নেতা দায়িত্ব নেবার পরও কোন্দল নিরসন হয়নি।
এক পর্যায়ে জেলা বিএনপি ত্রি-ধারায় বিভক্ত হওয়ায় ২০১৪ সালের ১৬ এপ্রিল জেলা বিএনপি, ১১ উপজেলা, থানা ও পৌর বিএনপির পুরাতন কমিটি বিলুপ্ত করে সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীকে      
আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনকে প্রথম সদস্য করে ৮৭ সদস্য বিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি গঠন করে দেন দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
গত প্রায় ৩ বছরে জেলার ১৬ টি সাংগঠনিক ইউনিটের ১৩ টির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর ও সুনামগঞ্জ পৌর কমিটি ছাড়া অন্য ইউনিটগুলোয় পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় জেলা কমিটি। কমিটি গঠন নিয়ে কোন কোন ইউনিটে মতভিন্নতা দেখা দেয়। জামালগঞ্জ, ধর্মপাশা এবং দক্ষিণ সুনামগঞ্জে পাল্টাপাল্টি সম্মেলনও হয়।
সংগঠনের জেলা শহরের নেতা-কর্মীদেরও দুটি বলয় দীর্ঘদিন ধরে বিদ্যমান। এসব বলয়ে বলয়ে আবার উপগ্রুপও রয়েছে। দুই বলয়ের এক বলয়ের পরিচিতি দলের চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুল আছপিয়ার সমর্থক হিসাবে। আরেক বলয়ের পরিচিতি জেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী’র সমর্থক হিসাবে। কোন্দলে সব সময়ই ছিলেন ফজলুল হক আছপিয়ার উল্টোভাগে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন।
গত ২০ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়া সুনামগঞ্জে বিএনপি’র কমিটি গঠনের জন্য জেলার নেতাদের ডেকে তাঁর গুলশান কার্যালয়ে কথা বলেন। এসময় কেউ কেউ স্বপ্রণোদিত হয়ে দলীয় চেয়ারপার্সনের সঙ্গে দেখা করে কথা বলেন। শেষে বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলনকে সভাপতি এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল ইসলাম নুরুলকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপি’র ৫১ সদস্যের কমিটি গঠন করে দেন এবং এই কমিটিকে আগামী এক মাসের মধ্যে আরও ১০০ জনকে সদস্য করে ১৫১ সদস্যের কমিটি করার নির্দেশনা দেওয়া হয়।
নতুন কমিটির উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত হয় ইফতার মাহ্ফিল। ইফতার মাহ্ফিল পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা বিএনপি সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন। জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক মোনাজ্জির হোসেন সুজনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুল হক আছপিয়া, প্রধান বক্তা ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখায়াত হাসান জীবন, সহ সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, কেন্দ্রীয় ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক। এছাড়াও বক্তব্য দেন- বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, জেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ। ইফতার মাহফিলে জেলার বিভিন্ন উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী ও বিএনপি সমর্থিত জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অবশ্য ইফতার মাহ্ফিলে জেলা বিএনপি’র বিগত কমিটির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী, জেলা বিএনপি’র সাবেক সহসভাপতি কর্ণেল অব. আলী আহমদ, সাবেক সংসদ সদস্য নজির হোসেন, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ডা. রফিক চৌধুরী, জেলা বিএনপি’র সহসভাপতি নাদীর আহমদ, সহসভাপতি আবুল মুনসুর শওকতকে দেখা যায়নি।

  • [১]