স্টাফ রিপোর্টার
‘ধর্মীয় মৌলবাদী প্রতিহত করি, তরুণ সমাজকে নারী আন্দোলনে যুক্ত করি’ এই শ্লোগানের মধ্য দিয়ে অনুৃষ্ঠিত হয়েছে জেলা মহিলা পরিষদের সাংগঠনিক মাসের সমাপনী অনুষ্ঠান, সাংগঠনিক ও প্যারালিগ্যাল প্রশিক্ষণ। এসময় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গৌরী ভট্টাচার্য্য।
শহরের হাছননগর এলাকায় ইপিআই ভবনে শুক্রবার দিনব্যাপি এই অনুষ্ঠান হয়। ওইদিন সকাল থেকে ২টা পর্যন্ত প্যারালিগ্যাল প্রশিক্ষণ দেন অ্যাড. মতিউর রহমান পীর, অ্যাড. স্বপন কুমার দাস রায় এবং সাংগঠনিক নেতৃবৃন্দ।
বিকাল ৩টা থেকে সাংগঠনিক মাসের সমাপনী সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গৌরী ভট্টাচার্য্য। সভায় বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সংগঠনের সাধারণ সম্পাদক শরীফা আশরাফী সম্পা, সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চৌধুরী, অর্থ সম্পাদক মলিকা দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মীনা পাল, লিগ্যাল এইড সম্পাদক রাশিদা বেগম। সমাপনী সভা শেষে জঙ্গি বিরোধী শপথবাক্য পাঠ করান সংগঠনের সাবেক সভাপতি শীলা রায়।