- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলা যুবলীগের রাজনীতি মুকুট, জগলুল ও ইমন বলয়ে নতুন কমিটি গঠনের তৎপরতা

বিন্দু তালুকদার
জেলা যুবলীগের নতুন কমিটি গঠন ও পদ পদবী পাওয়া নিয়ে যুব লীগ নেতাকর্মীদের মধ্যে তদবির-লবিং শুরু হয়েছে। জেলা যুবলীগের আহবায়ক জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর যুব নেতাদের মধ্যে তৎপরতা বৃদ্ধি পায়।
ব্যারিস্টার ইমন রাজধানী শহর থেকে গত শুক্রবার শহরে ফিরে এসে আগামী দুই মাসের মধ্যে জেলা যুবলীগের সম্মেলন করার ঘোষণা দেয়ার পর আওয়ামী অঙ্গ সংগঠনের বিভিন্ন বলয়ের নেতাকর্মীরা কেন্দ্রে যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন। নতুন কমিটি গঠনের তৎপরতায় এগিয়ে আছেন সাবেক ছাত্রনেতারা।
দলীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, জেলা যুবলীগের বর্তমান আহবায়ক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার
এম. এনামুল কবীর ইমন, জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুট ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক পৌর মেয়র আয়ুব বখত জগলুল বলয়ে তিনভাগে বিভক্ত হয়ে নেতাকর্মীরা যুবলীগের নতুন কমিটি গঠন ও পদ পদবী নিয়ে মাঠে কাজ করছেন। ব্যারিস্টার ইমন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর পরই আওয়ামী লীগের সহ সংগঠন যুবলীগ নিয়ে কাজ শুরু করেন নূরুল হুদা মুকুট ও আয়ুব বখত জগলুল বলয়ের যুব নেতাকর্মীরা।
নূরুল হুদা মুকুট বলয়ের নেতাকর্মীরা চাইছেন মুকুটের ছোট ভাই সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক শিক্ষক খায়রুল হুদা চপলকে সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. আখাতরুজ্জামান সেলিমকে সাধারণ সম্পাদক করে যুবলীগের কমিটি গঠন করতে। তবে অ্যাড. আখতারুজ্জামান সেলিম জানিয়েছেন, তিনি জেলা যুবলীগের নতুন কমিটির সাধারণ সম্পাদক হতে কিংবা যুবলীগের রাজনীতিতে সক্রিয় হতে ইচ্ছুক নন।  
আয়ুব বখত জগলুল অংশের নেতাকর্মীরা চেষ্টা করছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জীতেন্দ্র তালুকদার পিন্টুকে সভাপতি ও সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি জেলা যুবলীগের আহবায়ক কমিটির প্রথম সদস্য অ্যাড. মনীষ কান্তি দে মিন্টুকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করতে। অ্যাড. মনীষ কান্তি দে মিন্টু এ প্রতিবেদকের কাছে জানিয়েছেন তিনি নতুন কমিটির সভাপতি প্রার্থী।
ব্যারিস্টার ইমনের নেতৃত্বাধীন জেলা যুবলীগের আহবায়ক কমিটির নেতাকর্মীরা চাইছেন জেলা কমিটির সদস্য জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. নূরে আলম সিদ্দিকি উজ্জ্বল ও সদর উপজেলা যুবলীগের আহবায়ক গৌতম কুমার বণিককে নিয়ে যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে।
নূরুল হুদা মুকুট ও আয়ুব বখত জগলুলকে জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কোন পদ না দেয়ার বিষয়টি সামনে রেখে যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের পদটি পাওয়ার জোর দাবি নিয়ে মাঠে নেমেছেন এই দুই বলয়ের নেতাকর্মীরা।
অন্যদিকে ব্যারিস্টার ইমনের নেতৃত্বাধীন জেলা যুবলীগের আহবায়ক কমিটির নেতাকর্মীরা চেষ্টা করছেন বর্তমান জেলা কমিটির স্বচ্ছ ইমেজধারী সিনিয়র ও সাবেক ছাত্রনেতাদের নিয়ে নতুন কমিটি গঠন করতে।
জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য অ্যাড. নূরে আলম সিদ্দিকি উজ্জ্বল বলেন, দীর্ঘদিন ছাত্রলীগের দায়িত্ব পালন করেছি। জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের সময় সংগঠনের ভাবমূর্তি উজ্জ্বল রাখার চেষ্টা করেছি। জেলা যুব লীগের যে পদেই দায়িত্ব দেয়া হবে আমি সেখানেই কাজ করব।
জেলা যুবলীগের আহবায়ক কমিটির প্রথম সদস্য অ্যাড. মনীষ কান্তি দে মিন্টু বলেন, ‘আমি কারো বলয়ের রাজনীতি করিনি, আমি শেখ হাসিনার বলয়ের রাজনীতি করি। জেলার কোন নেতাকর্মীর সাথে আমার বিরোধ নেই। আমি ছাত্রলীগের রাজনীতি করেছি। আমি জেলা যুবলীগের সভাপতি প্রার্থী। ’
আয়ুব বখত জগলুল বলয়ের নেতা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জীতেন্দ্র তালুকদার পিন্টু বলেন,‘ দীর্ঘদিন জেলা ছাত্রলীগের দায়িত্বশীল পদে থেকে সংগঠনের কাজ করেছি। এখন আওয়ামী লীগের কর্মী হয়ে কাজ করতে চাই। তবে যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা কমিটির দায়িত্বভার অর্পন করলে গুরুদায়িত্ব মনে করে কাজ করব।’
নূরুল হুদা মুকুটের ছোট ভাই চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপল বলেন,‘ যুব লীগ নেতাদের অনেকেই যুবলীগের নতুন কমিটি গঠন নিয়ে যোগাযোগ করছেন। আমি নিজে কোথাও চেষ্টা তদবির করছি না। দলের নেতাকর্মীরা যদি আমাকে চান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাকে দায়িত্ব প্রদান করেন আমি যথাসাধ্য চেষ্টা করব দলের কাজ করতে।’
জেলা যুবলীগের আহবায়ক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন বলেন,‘নেতাদের বলয় দিয়ে নতুন কমিটি গঠন হবে এধরনের ধারণা ঠিক নয়। যুবলীগের সম্মেলন হবে, কাউন্সিল হবে। কাউন্সিলে ভোটাভোটির মাধ্যমে নেতাকর্মীরা নেতৃত্ব বাছাই করবেন। নেতাকর্মীরা যাকে যোগ্য প্রার্থী মনে করবেন তিনিই জেলা কমিটির দায়িত্ব পাবেন। ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব ও যোগ্য নেতা বাছাই হবে। ’

  • [১]