বিশেষ প্রতিনিধি
জেলা যুবলীগের ঐক্য প্রক্রিয়া শুরু হয়েছে। যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন ও জেলা যুবলীগের আহ্বায়ক চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপল মিলেই মঙ্গলবার সদর উপজেলা যুবলীগের কমিটি গঠন করেছেন। দুপুরে রমিজ বিপণির আওয়ামী লীগ কার্যালয়ে সভা করে যুবলীগের সদর উপজেলা কমিটি ঘোষণা দেন খায়রুল হুদা চপল।
গত ৫ বছরে সুনামগঞ্জের সব কয়টি উপজেলা এবং জেলার ৮৭ উপজেলার বেশিরভাগ ইউনিয়নেই সংগঠিত হয়েছে যুবলীগ। ২০১১ সালে নিস্ক্রিয় যুবলীগের কমিটি বাতিল করে ব্যারিস্টার এম এনামুল কবির ইমনকে আহ্বায়ক করে যুবলীগের কমিটি করে দেওয়া হয়েছিল। এই সময়ে জেলাব্যাপী আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের মধ্যে সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে যুবলীগ।
গত ২৫ ফেব্রুয়ারি ব্যারিস্টার এম এনামুল কবির ইমনকে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক করায় যুবলীগের জেলা কমিটি বাতিল করে সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপলকে আহ্বায়ক করে যুবলীগের কমিটি করে দেওয়া হয়। এই কমিটি গঠনের পর ব্যারিস্টার ইমন নাখোশ ছিলেন, জানা গেছে কেন্দ্রীয় নেতাদের কাছে ক্ষোভও প্রকাশ করেছেন ব্যারিস্টার ইমন।
সংগঠনের একাধিক সূত্র জানায়, ইমন-চপলের দূরত্ব কমাতে আওয়ামীলীগের কয়েকজন নেতা উদ্যোগ নেন এবং ঢাকায় ব্যারিস্টার ইমন ও খায়রুল হুদা চপলকে এক সঙ্গে বৈঠকও করিয়ে দেন এরা। এরপর থেকে দূরত্ব কিছুটা কমে এবং যুবলীগের বিভিন্ন ইউনিট কমিটি গঠন নিয়েও ইমন-চপলের আলোচনা হয়। জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির উদ্যোগে মঙ্গলবারই প্রথম ইউনিট কমিটি হিসাবে সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠিত হয়।
এই ইউনিটের আহ্বায়ক করা হয় জেলা ছাত্রলীগের সহসভাপতি সাহাব উদ্দিন আহমদকে, যুগ্ম আহ্বায়ক করা হয়েছে এহসান আহমদ উজ্জ্বল ও মহিবুর রহমান মুহিবকে। ৫১ সদস্যের কমিটিতে ব্যারিস্টার ইমন গ্রুপের একজন যুগ্মআহ্বায়কসহ ১৫-১৬ জনের নাম দিয়েছেন, এই সব কয়টি নামই কমিটিতে অন্তর্ভূক্ত হয়েছে বলে সংগঠন সূত্রে জানা গেছে।
জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল বলেন,‘যুবলীগ আওয়ামীলীগ থেকে আলাদা কিছু নয়। যুবলীগকে সংগঠিত করতে জেলা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের সঙ্গে আলোচনা করেছি আমি, সদর উপজেলা যুবলীগের কমিটি গঠন নিয়েও আলোচনা হয়েছে, আমি মনে করি জেলায় সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই, যুবলীগে গ্রুপিং নেই, থাকবেও না, সকলে মিলেই যুবলীগকে সংগঠিত করবো আমরা’।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন,‘জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল সদর উপজেলা যুবলীগের কমিটি গঠন করার জন্য আমার সঙ্গে আলোচনা করেছেন, আমি বলেছি সকলকে নিয়ে করার জন্য, আমি সহযোগিতা করবো’।